logo

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত পরিবারের সদস্যরা

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত পরিবারের সদস্যরা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। ছবি: বাসস

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানান নুসরাত তাবাসসুম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এশিয়া পোস্টকে নুসরাত তাবাসসুম বলেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এটি গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’