logo

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ২০-এর বেশি

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ২০-এর বেশি
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা মানবিক সহায়তাবাহী ট্রাকগুলোর চারপাশে জড়ো হয়েছেন। ছবি: এইচআরডব্লিউ

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

সিভিল ডিফেন্সের জানায়, খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত হাসপাতালটির আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, হামলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অস্ত্রোপচার বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইসরায়েলি আর্মি রেডিও হামলাটিকে ‘হত্যার অভিযান’ (অ্যাসাসিনেশন অপারেশন) বলে দাবি করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মঙ্গলবারের এক হামলায় আহত ষষ্ঠ এক ফিলিস্তিনি পরে মারা যান।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যেই নাসের হাসপাতালে এ হামলার ঘটনা ঘটল। এসব যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট