কাফেররা কখন মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে

অন্যের উন্নত জীবন দেখে কারও কারও মনে আকাঙ্ক্ষা জাগে, ‘আহ, আমার জীবনও যদি তার মতো হতো। আমি যদি তার মতো হতে পারতাম।’ আমাদের মধ্যে কেউ কেউ তো প্রায়ই বলেন, ‘একবার ইউরোপ যেতে পারলে, জীবন বড় সুন্দর হয়ে যাবে।’ এমন অনেক মুসলিম আছেন, যারা কাফেরদের লাইফস্টাইল দেখে তাদের মতো জীবনযাপনের আকাঙ্ক্ষা করেন।
দুনিয়াতে আমাদের আকাঙ্ক্ষা বা আক্ষেপের শেষ নেই। মৃত্যুর পর কাফেররাও একটা বিষয় নিয়ে আক্ষেপ করবে। তাদের আক্ষেপ নিয়ে কোরআনে আয়াতও নাজিল করেছেন আল্লাহ। জেনে নেওয়া যাক সে বিষয় সম্পর্কে-
পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘এমন একটা সময় আসবে যখন কাফেররা আক্ষেপ করে বলবে, ‘হায়, আমরা যদি মুসলিম হয়ে যেতাম!’ (সুরা হিজর, আয়াত: ২)
এই আয়াতের ব্যাখ্যায় কোনো কোনো মুফাসসির বলেন, তারা এটা মৃত্যুর সময় কামনা করবে। (ইবন কাসির)। তবে এ বিষয়ে একটি হাদিস পড়লে বোঝা যায়, সেটা আখেরাতে তারা কামনা করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জাহান্নামবাসীরা যখন জাহান্নামে একত্রিত হবে, তারা তাদের সঙ্গে কিছু গুনাহগার মুমিনদেরও দেখতে পাবে, তখন তারা বলবে, তোমাদের ইসলাম তোমাদের কোনো কাজে আসল না, তোমরা তো দেখছি আমাদের সাথে জাহান্নামেই রয়ে গেলে। তারা বলবে, আমাদের কিছু গুনাহ ছিল যার কারণে আমাদের পাকড়াও করা হয়েছে। তারা যা বলেছে আল্লাহ তা শুনলেন।
রাসুলুল্লাহ (সা.) বললেন, তখন কিবলার অনুসারী মুসলিদেরকে বের করার নির্দেশ দেওয়া হবে। আর তখন কাফেররা আফসোস করে বলবে, হায়, আমরা যদি মুসলিম হতাম তাহলে তারা যেভাবে বের হয়ে গেছে সেভাবে আমরাও বের হতে পারতাম। সাহাবি আবু মুসা আশআরি বলেন, আর রাসুলুল্লাহ (সা.) পড়লেন, আলিফ-লাম-রা, এগুলো আয়াত মহাগ্রন্থের, সুস্পষ্ট কোরআনের কখনো কখনো কাফেররা আকাঙ্ক্ষা করবে যে, তারা যদি মুসলিম হতো।’ (মুসতাদরাকে হাকেম, খণ্ড:২, পৃষ্ঠা: ২৪২)
এভাবে কাফেররা যখন প্রকৃত অবস্থা জানতে পারবে তখন লজ্জিত হবে এবং আফসোস করে ইমান আনার জন্য আকাঙ্ক্ষা করতে থাকবে। কিন্তু তাদের সে আকাঙ্ক্ষা কোনো কাজে লাগবে না। আরেক আয়াতে আল্লাহ বলেন, ‘আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের পাশে দাঁড় করানো হবে এবং তারা বলবে, হায়, যদি আমাদেরকে আবার ফেরত পাঠানো হতো তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম।’ (সুরা আনআম, আয়াত: ২৭)
পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি হঠাৎ তাদের কাছে যখন কেয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে, হায়, এটাকে আমরা যে অবহেলা করেছি তার জন্য আক্ষেপ। তারা তাদের পিঠে নিজেদের পাপ বহন করবে; দেখুন, তারা যা বহন করবে তা খুবই নিকৃষ্ট।’ (সুরা আনআম, আয়াত: ৩১)
মুমিন-মুসলমানরা একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, তাহলে সে জাহান্নামে যাবে।’
এই হাদিসের ব্যাখ্যায় দুটি মত দিয়েছেন আলেমরা। এক. কেউ যদি পরিপূর্ণভাবে ইমান আনে বা পরিপূর্ণভাবে মুসলমান হয়, তাহলে সে জান্নাতে যাবে। সে সব ধরনের গুনাহ এবং নাফরমানি থেকে বাঁচবেন। দুই. যদি এই হাদিসের অর্থ হয়, ইসলাম গ্রহণ করলেই তিনি জান্নাতে যাবেন বা শিরকমুক্ত হয়ে মৃত্যুবরণ করলেই তিনি জান্নাতে যাবেন। তাহলে এই হাদিসের অর্থ হলো তিনি জান্নাতে যাবেন। ইমান থাকার পর অপরাধ করলেও আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দেবেন।
আল্লাহ কোরআনে কোনো কোনো অপরাধের শাস্তির কথা বলতে গিয়ে বলেছেন চিরকাল জাহান্নাম। এর ব্যাখ্যায় মুফাসসিরা বলেছেন, দীর্ঘ মেয়াদের জাহান্নামে থাকবে তারা। কিন্তু একসময় তাদের বের করে আনা হবে। যার মধ্যে ন্যূনতম ইমান আছে, তাকেও একসময় জাহান্নাম থেকে বের করে এনে জান্নাত দেওয়া হবে।












