১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামী ১৩ নভেম্বর দেশে চালু হতে যাচ্ছে গেমটি। তুলনামূলক কম জায়গা ব্যবহার করেই এতে পাবজি মোবাইলের পরিচিত ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা পাওয়া যাবে।
‘দ্য বেস্ট রিয়েল শুটিং গেম’ স্লোগান নিয়ে আসা ফ্ল্যাশের অন্যতম আকর্ষণ এর ছোট ডাউনলোড আকার। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডে ০.৯৬ গিগাবাইটের কম এবং আইওএসে ১.৭৫ গিগাবাইট ডাউনলোড করতে হবে। শুরু থেকেই এতে জনপ্রিয় এরাঙ্গেল মানচিত্র ও ক্ল্যাসিক ব্যাটল রয়্যাল মোড থাকবে। ফলে আলাদা করে এসব ডাউনলোডের অপেক্ষা ছাড়াই খেলা শুরু করা যাবে। প্রয়োজন অনুযায়ী পরে অন্য মানচিত্র, মোড ও ইভেন্টের উপকরণ ডাউনলোড করা যাবে।
হালকা সংস্করণ হলেও মূল পাবজি মোবাইলের সঙ্গে সংযোগ থাকছে ফ্ল্যাশের। খেলোয়াড়েরা তাদের বিদ্যমান অ্যাকাউন্ট, বন্ধুদের তালিকা ও গেমের বিভিন্ন সম্পদ ব্যবহার করতে পারবেন। দুই সংস্করণের খেলোয়াড়েরা একই ম্যাচমেকিং ব্যবস্থায় একসঙ্গে খেলতেও পারবেন। ফলে বন্ধুদের সঙ্গে খেলতে সবাইকে একই সংস্করণ ব্যবহার করতে হবে না।
কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোনে খেলার অভিজ্ঞতা উন্নত করতে ফ্ল্যাশের গ্রাফিকসে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ফ্ল্যাশের বেটা সংস্করণের তুলনায় গড় ফ্রেমরেট ১০ শতাংশ বাড়ানো এবং স্থিতিশীলতা ১০ শতাংশ উন্নত করার লক্ষ্য রাখা হয়েছে। একই সঙ্গে মেমোরির ব্যবহার ১২ শতাংশ ও শক্তি খরচ ৩ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। গেম চালু হওয়া এবং ম্যাচ শুরুর আগে লোড হওয়ার সময়ও কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।
সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফ্ল্যাশে থাকছে পূর্ণাঙ্গ ব্যানপ্যান নিরাপত্তা-ব্যবস্থা। এর আওতায় খেলা চলাকালে নজরদারি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে পর্যালোচনার ব্যবস্থা থাকবে।
গেমটি খেলতে স্মার্টফোনে অন্তত ২ গিগাবাইট র্যাম থাকতে হবে। ডিভাইসের সক্ষমতা ও সামঞ্জস্য অনুযায়ী সেকেন্ডে ২৫, ৩০, ৪০ ও ৬০ ফ্রেম বা এফপিএসে খেলার সুযোগ পাওয়া যাবে।
পরিচিত যুদ্ধক্ষেত্র, পুরোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা ও কম ডাউনলোড আকারের সমন্বয়ে আরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় পাবজি মোবাইল ফ্ল্যাশ। বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে শুরু হবে এর যাত্রা।










