logo

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এআইইউবি প্রতিনিধিদল। সোমবার বঙ্গভবনে। ছবি: এআইইউবি সৌজন্যে

রাষ্ট্রপতি ও এআইইউবির আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রতিনিধিদল।

সোমবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

প্রতিনিধি দলে ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।

এ সময় এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অবস্থান ও অগ্রগতি সম্পর্কেও প্রতিনিধিদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে জানানো হয়।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

এ ছাড়া এআইইউবির ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।