logo

৩০ টাকা দরে প্রতি মাসে চাল পাবেন পোশাকশ্রমিকেরা

৩০ টাকা দরে প্রতি মাসে চাল পাবেন পোশাকশ্রমিকেরা
৩০ টাকা দরে প্রতি মাসে চাল পাবেন পোশাকশ্রমিকেরা। ছবি: অবজারভার

উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এ কার্যক্রম তিন মাস চলবে। এই সময়ে তৈরি পোশাকশিল্পের কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।

কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশ্লিষ্ট বাজেট খাত থেকে অতিরিক্তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চিঠিতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএসের বিশেষ কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি সহজলভ্য এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা প্রদানের জন্য নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় হ্রাস এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী বিক্রি করা হবে।

কার্যক্রমটি প্রাথমিকভাবে তিন মাসব্যাপী পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এ জন্য চাল সরবরাহ, ট্রাকের মাধ্যমে বিক্রি এবং পরিবহনসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়েও চিঠিতে তুলে ধরা হয়।

সরকারি খাদ্যশস্যের বিদ্যমান পর্যাপ্ত মজুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দের অনুরোধ করে খাদ্য মন্ত্রণালয়।

পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস কার্যক্রম চলতি মাসেই শুরু হবে বলে গণমাধ্যমকে জানান খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার। তিনি বলেন, ২০ নভেম্বর শুক্রবার কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।