logo

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি, নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি
রাজধানীর বোয়েসেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। ছবি: এশিয়া পোস্ট

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে যাচ্ছে দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd.। রাষ্ট্রীয় জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়োগের সব পর্যায়ে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বোয়েসেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়ায় পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগকর্তার চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর প্রথম ধাপে DHL Supply Chain-এ ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এরপর ৫ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করেন ৪ হাজার ২৯ জন।

আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও কাজের উপযোগিতা যাচাই করে চূড়ান্ত করা হবে ১১২ জনকে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। বৃহস্পতিবার থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কোনো হস্তক্ষেপ থাকবে না। নিয়োগকর্তার প্রতিনিধিরা পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে যাদের নির্বাচন করবেন, তারাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।

অভিবাসন ব্যয়ের বিষয়ে তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। নির্বাচিত কর্মীদের অভিবাসন-সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেলও নিয়োগকর্তা কিংবা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না। অর্থাৎ, ‘জিরো মিনস জিরো’।

নিয়োগের নামে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোয়েসেল। প্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

রাশেদুল হক বলেন, অর্থের অভাবে কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ যেন বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শ্রমিকেরা যেন নিজেদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। নিরাপদ, নৈতিক ও স্বল্প ব্যয়ে কর্মী পাঠানোর অংশ হিসেবে বোয়েসেল এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট