তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে রূপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) হিসেবে বিবেচনা করছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১১ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে প্রধানমন্ত্রীর ম্যান্ডেট পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
হুমায়ুন কবির জানান, বুধবার দিনভর কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। এসব বৈঠক ও সাক্ষাৎ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও জানানো হয়।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে মেয়র তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান হুমায়ুন কবির।
উজবেকিস্তান ও চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে সম্মতি জানিয়েছেন।
অন্যদিকে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়টি গুরুত্ব পায়। জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির জানান, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে সংযুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিংয়ের সহযোগিতার বিষয়েও কথা হয়েছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এরদোয়ানের সঙ্গে বৈঠকে শান্তি প্রতিষ্ঠার আলোচনা
এর আগে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি জানান, বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও ইতিবাচক মতবিনিময় হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার ইতিবাচকভাবে বিষয়টি দেখবে।
জলবায়ু সম্মেলনে ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের কপ-৩১-এর একটি পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন হুমায়ুন কবির।
তিনি জানান, জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের সরকারি উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে এ খাতে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার কপ-৩১-এর মূল সম্মেলনে বাংলাদেশের অবস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকার এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।











