‘বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক অর্জন ও সংগ্রামকে ছাত্রশিবির নিজস্ব ইতিহাস মনে করে’
-39a9ae-720x405.webp)
বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক অর্জন ও সংগ্রামকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজেদের ইতিহাসের অংশ হিসেবে ধারণ করে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
তিনি বলেন, এই ভূখণ্ডের প্রতিটি ঐতিহাসিক অর্জন ও সংগ্রামকে ছাত্রশিবির নিজস্ব ইতিহাস মনে করে।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’ এ এসে এসব কথা বলেন তিনি।
সিবগাতুল্লাহ বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক অবস্থান থেকে জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষে ছিল, যা তারা অস্বীকার করে না। তবে পরবর্তী সময়ে যেসব বিচারিক ট্রায়াল পরিচালিত হয়েছে, তাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রতিফলিত হয়েছিল।
তিনি বলেন, ছাত্রশিবিরের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। সংগঠনটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের স্বাধীনতার আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লার সংগ্রাম, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজী আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে।
তিনি আরও বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের প্রতিটি গণসংগ্রাম ছাত্রশিবিরের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসকে খণ্ডিতভাবে না দেখে সামগ্রিকভাবে ধারণ করাই শিবিরের নীতি।









