logo

নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির মশাল মিছিল

নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির মশাল মিছিল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো। ছবি: উইকিপিডিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিলের ডাক দিয়েছে দলটি।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানা হয়।

এতে বলা হয়, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মশাল মিছিলে এনসিপি, মহানগর ইউনিট ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

এর আগে গতকাল বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির টিনশেড আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে এবং দুটি ছাগলের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিনশেড ঘরগুলোতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরে রাত ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।