logo

নিরাপত্তা শঙ্কায় নির্ধারিত সময়ের আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

নিরাপত্তা শঙ্কায় নির্ধারিত সময়ের আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ঢাকা বিদ্যালয়ের লোগো। ছবি: ঢাকা বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাচ্ছেন আট চীনা শিক্ষার্থী। তাদের মধ্যে দুইজন বুধবার (১১ নভেম্বর) চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষে দেশে ফেরার কথা ছিল। তবে ক্যাম্পাসের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার। তিনি জানান, আট শিক্ষার্থীই চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক একটি বিশেষ স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন।

তিনি জানান, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে তারা আগেভাগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। আটজনের মধ্যে দুইজন ইতোমধ্যে ফিরে গেছেন এবং বাকি ছয়জনও দেশে ফেরার টিকিট নিশ্চিত করেছেন।

এম এ কাউসার আরও জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পার্কিং করা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের সময় ওই বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। তারা খুব কাছ থেকে বিস্ফোরণের ঘটনা প্রত্যক্ষ করেন। এরপর থেকেই তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তারা কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে হলের অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন হল প্রাধ্যক্ষ। বৈঠকে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়। অন্য বিদেশি শিক্ষার্থীরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে হল প্রশাসনকে জানাবেন বলে জানিয়েছেন তারা।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলা ভাষা ও সংস্কৃতিবিষয়ক বিশেষ কোর্সে ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন এবং ২০২৫ সালে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী অংশ নেন। চলতি ২০২৬ সালে চারটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৬ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদ ও সিনেট ভবন এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ৮ নভেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন ৯ নভেম্বর টিএসসি এলাকায় এবং ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ ও কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এসব ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। পাশাপাশি নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট