logo

ব্যাটিং বিপর্যয়ের পর ৯ উইকেটে হার, ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ের পর ৯ উইকেটে হার, ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
ম্যাচের দৃশ্য। ছবি: এসিসি

ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে নেমে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশের যুবারা। ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পর বোলিংয়েও গড়তে পারেনি কোনো প্রতিরোধ। মাত্র ১৩৮ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যুব এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। গত আসরের মতো এবারও পাকিস্তানের কাছে শেষ চারে থেমে গেল লাল-সবুজের স্বপ্ন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য মাত্র ২১ ওভার ৫ বলেই পেরিয়ে যায় পাকিস্তান। ১৬৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় তারা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তানের সামনে এবার শিরোপা ধরে রাখার সুযোগ। অন্যদিকে, গ্রুপ পর্বে বড় জয়ের পরও নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারল না বাংলাদেশের যুবারা।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল। তবে শুরু থেকেই পাকিস্তানের পেস আক্রমণের সামনে বিপাকে পড়ে দল।

দ্বিতীয় ওভারে দলীয় মাত্র ৪ রানে ফিরে যান জারিফ সিয়াম। মোহাম্মদ সাইয়ামের বলে উইকেটরক্ষক হামজা জহুরের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ১ রান।

এরপর দলীয় ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এবারও আঘাত হানেন সাইয়াম। ১৬ বলে ৯ রান করা কাউসার আহমেদকে বোল্ড করে ফেরান তিনি।

শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি ও অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল। তৃতীয় উইকেটে ৪৩ রান যোগ করে কিছুটা আশা জাগান তারা।

তবে সেই জুটি ভেঙে বাংলাদেশকে আবারও চাপে ফেলেন রিজওয়ানউল্লাহ। ২৬ বলে ১৭ রান করা ফয়সাল তার বলে ক্যাচ তুলে দিলে দলীয় ৬৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

পরের ওভারেই ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান আল মুমিন। হাসনাইন আব্বাস দারের বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। ৬৯ রানেই চার উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এক প্রান্ত আগলে রেখে অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ আল মুহি। চাপের মুখেও আক্রমণাত্মক ব্যাটিং করে ৪৫ বলে তুলে নেন অর্ধশতক। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।

তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। দলীয় ৯৮ রানে রিজওয়ানউল্লাহর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। মুহির বিদায়ের পর বড় সংগ্রহের আশা কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের।

এরপর আল রাফি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২২ বলে দুটি চার ও একটি ছক্কায় ২০ রান করেন তিনি। কিন্তু রিজওয়ানউল্লাহর বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় তাঁকেও।

একই ওভারে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন রবিউল হাসান অনিক। ১১১ রানে সাত উইকেট হারিয়ে তখন দেড় শ রান করাও কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য।

এরপর আলী রাজার বলে শূন্য রানে ফেরেন রুবায় ইসলাম রিজন। শেষদিকে রাকিবুল হোসেন ৩৯ বলে চারটি চারে ২৬ রান করে কিছুটা লড়াই করেন। কিন্তু তাকেও সাজঘরে পাঠিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রিজওয়ানউল্লাহ।

শেষ পর্যন্ত শেখ আতিকুর রহমান ১ রান করে আউট হলে ৩১ ওভার ৪ বলে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পাঁচ ব্যাটারের মধ্যে রাকিবুল ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার রিজওয়ানউল্লাহ। আট ওভারে মাত্র ৩০ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নেন এই পেসার। মোহাম্মদ সাইয়াম ২৯ রানে নেন দুটি উইকেট। একটি করে উইকেট শিকার করেন আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসেইন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে রাখেন পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান।

বাংলাদেশের পেসাররা নিয়মিত বিরতিতে বল হাতে এলেও পাকিস্তানি ব্যাটারদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। বরং দ্রুত রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন উসমান ও হায়াম।

উদ্বোধনী জুটিতেই ১২৩ রান যোগ করে বাংলাদেশের ম্যাচে ফেরার শেষ আশাটুকুও শেষ করে দেন দুজন।

অবশেষে রবিউল হাসান অনিকের বলে আউট হন হায়াম। ৭২ বলে ৬৯ রান করেন পাকিস্তানের এই ওপেনার। কিন্তু ততক্ষণে জয় থেকে খুব বেশি দূরে ছিল না তাঁর দল।

অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান উসমান। ৫৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন আব্দুল কাদির।

শেষ পর্যন্ত ২১ ওভার ৫ বলে ১ উইকেটে ১৪১ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রবিউল হাসান অনিক।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট