২১ ছক্কায় ২০২ রানের ঝড় কিউই ব্যাটারের

এক ইনিংসে ২১ ছক্কা! তাও আবার ৫০ ওভারের ম্যাচে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে রীতিমতো তাণ্ডব চালিয়ে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েছেন বেভন জ্যাকবস। মাত্র ১৩৭ বলে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলে ভেঙেছেন দেশটির লিস্ট 'এ' ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আর দুটি ছক্কা মারলেই ছুঁয়ে ফেলতেন বিশ্বরেকর্ড। তবে এত কিছু করেও দলকে জেতাতে পারলেন না এই ব্যাটার। ৩৩৪ রান তুলেও হেরে গেছে তার দল অকল্যান্ড এসেস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অকল্যান্ডের কেনার্ডস হায়ার কমিউনিটি ওভালে ফোর্ড ট্রফির ম্যাচে ওটাগো ভোল্টসের মুখোমুখি হয় অকল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৩৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে অকল্যান্ড।
এমন অবস্থায় চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ সতর্ক ছিলেন জ্যাকবস। প্রথম রান পেতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকটি বল। নিজের প্রথম ২৮ বলেও কোনো ছক্কা মারতে পারেননি তিনি।
এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন এই ডানহাতি ব্যাটার। ৫৭ বলে পূর্ণ করেন অর্ধশতক। আশ্চর্যের বিষয়, তখন পর্যন্ত তার ইনিংসে কোনো চার ছিল না। ছক্কা ছিল ছয়টি।
সতীর্থ ল্যাকলান স্ট্যাকপোলকে নিয়ে চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন জ্যাকবস। স্ট্যাকপোল ৪৫ বলে ৪৬ রান করে ফিরলেও অন্য প্রান্তে আক্রমণ চালিয়ে যান তিনি।
নিজের প্রথম লিস্ট 'এ' সেঞ্চুরি পেতে জ্যাকবসের লেগেছিল ৯৭ বল। তবে সেঞ্চুরির পরই যেন অন্য রূপে হাজির হন তিনি। পরের ২৫ বলে পৌঁছে যান দেড় শ রানে। আর শেষ ১৫ বলেই যোগ করেন আরও ৫২ রান।
সবচেয়ে বিধ্বংসী ব্যাটিংয়ের প্রদর্শনী দেখা যায় ইনিংসের শেষ ওভারে। জ্যাক কামিংয়ের করা সেই ওভারে পাঁচটি ছক্কা হাঁকান জ্যাকবস। প্রথম তিন বল পাঠান সীমানার বাইরে। চতুর্থ বলটি ডট হলেও শেষ দুই বলে আবারও ছক্কা মেরে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে।
শেষ পর্যন্ত ১৩৭ বলে ২০২ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল সাতটি চার ও ২১টি ছক্কা। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৫৪ রান।
জ্যাকবসের এমন ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৪ রান তোলে অকল্যান্ড। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন স্ট্যাকপোল। রায়ান হ্যারিসন যোগ করেন ৩২ রান।
জ্যাকবসের ২১ ছক্কা নিউজিল্যান্ডের লিস্ট 'এ' ক্রিকেটে নতুন রেকর্ড। এর আগে দেশটির কোনো ব্যাটার স্বীকৃত একদিনের ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা মারতে পারেননি।
শুধু নিউজিল্যান্ডের রেকর্ড নয়, লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসেও এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার নজির এটি।
এই সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ ২৩ ছক্কার বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার ডি'আর্সি শর্টের। ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৪৮ বলে ২৫৭ রানের বিধ্বংসী ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
সেই রেকর্ড স্পর্শ করতে আর মাত্র দুটি ছক্কার প্রয়োজন ছিল জ্যাকবসের। তবে ইনিংসের শেষ বলেই নিজের ২১তম ছক্কাটি মারায় আর সুযোগ পাননি তিনি।
অবশ্য অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হলেও নতুন একটি রেকর্ড ঠিকই গড়েছেন জ্যাকবস। অকল্যান্ডের হয়ে স্বীকৃত একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সাবেক তারকা কলিন মুনরোর। ২০১৭-১৮ মৌসুমে অপরাজিত ১৭৪ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে এবার নতুন উচ্চতায় পৌঁছালেন জ্যাকবস।
নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের মধ্যে চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। তাঁর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন জেমি হাও, মার্টিন গাপটিল ও চ্যাড বোয়েস।
ফোর্ড ট্রফির ইতিহাসে এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে জেমি হাও ২২২ এবং চ্যাড বোয়েস ২০৫ রানের ইনিংস খেলেছিলেন।
তবে রেকর্ডের এমন দিনে শেষ পর্যন্ত জয়ের আনন্দ পাওয়া হয়নি জ্যাকবসের।
৩৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ওটাগো। জ্যাক বয়েলের ৬২ এবং থর্ন পার্কসের ৫৫ রানের ইনিংসে বড় লক্ষ্য তাড়ার ভিত গড়ে সফরকারীরা।
এরপর ম্যাক্স চুর অপরাজিত ৭৫ রানের সঙ্গে শেষদিকে জামাল টডের ৮ বলে অপরাজিত ২১ রানের ঝড়ে ম্যাচ বের করে নেয় ওটাগো।


