logo

১৪৯ বছরের টেস্ট ইতিহাস বদলে দিল জিম্বাবুয়ে

১৪৯ বছরের টেস্ট ইতিহাস বদলে দিল জিম্বাবুয়ে
আরভিনের দ্বিশতকে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। ছবি: গেটি ইমেজ

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি, সেটিই করে দেখাল জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসেই পাঁচশর বেশি রান তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে আফ্রিকার দেশটি। শারজাহতে প্রথম ইনিংসে ৫০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে তুলেছে ৫ উইকেটে ৫২৩ রান। দুই ইনিংস মিলিয়ে ১ হাজার ২৭ রানের অবিশ্বাস্য কীর্তিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। তবে রানের পাহাড় গড়েও জয়ের দেখা পায়নি তারা, ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

সোমবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে এই ইতিহাস গড়ে জিম্বাবুয়ে। ঐতিহাসিক কীর্তির অন্যতম নায়ক ৪১ বছর বয়সী ক্রেইগ আরভিন। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ২০৬ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই ব্যাটার।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্রেন্ডন টেলর ও অধিনায়ক ব্রায়ান বেনেটের সেঞ্চুরিতে ৫০৪ রান তুলেছিল জিম্বাবুয়ে। টেলর করেন ১৩১ এবং বেনেট ১২৮ রান।

জবাবে আফগানিস্তানও ব্যাটিংয়ে দাপট দেখায়। অভিষিক্ত রহমানউল্লাহ জাদরানের ১১৩, সেদিকুল্লাহ আতালের ১০৫ ও অধিনায়ক রহমত শাহর ১৭৩ রানে ৫১৪ রান তুলে প্রথম ইনিংসে ১০ রানের লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন আরভিন। চতুর্থ দিনের ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে শেষ দিন শুরু করে সফরকারীরা। ব্রায়ান বেনেট ৫৮ রানে ফেরার পর আরভিনের সঙ্গে পঞ্চম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন আনতুম নাকভি। অভিষিক্ত এই ব্যাটার ৬১ রান করে ফিরলেও থামেননি আরভিন।

এরপর ওয়েসলি মাধেভেরের সঙ্গে অবিচ্ছিন্ন ২০৮ রানের জুটি গড়েন তিনি। ষষ্ঠ উইকেটে জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের জুটি। এই জুটিতেই নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মাধেভেরে। ১০৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে ২৭৯ বলে ২৩ চার ও দুই ছক্কায় অপরাজিত ২০৬ রান করেন আরভিন। ৪১ বছর ৮২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি করেছেন কেবল দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ান ও ইংল্যান্ডের জ্যাক হবস।

শেষ পর্যন্ত ১২২ ওভার ১ বলে ৫ উইকেটে ৫২৩ রান করার পর দুই দলের সম্মতিতে ড্র ঘোষণা করা হয়। পাঁচ দিন মিলিয়ে ম্যাচে মোট রান হয়েছে ১ হাজার ৫৪১। দুই দলের ব্যাটাররা মিলে করেছেন সাতটি সেঞ্চুরি, যার একটি ডাবল সেঞ্চুরি।

তবে ম্যাচসেরা হয়েছেন ব্রেন্ডন টেলর। প্রথম ইনিংসে ১৩১ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন তিনি।

দুই দলের ব্যাটারদের দাপটে নিষ্পত্তিহীন থাকলেও ম্যাচটি স্মরণীয় হয়ে রইল জিম্বাবুয়ের বিশ্বরেকর্ডের কারণে। আগামী ১৩ নভেম্বর একই মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট