পুলিশের সামনেই গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের লাঠিসোঁটা হাতে মিছিল

গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।
বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির গাবতলা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।
এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়ে লঞ্চঘাট ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন মিছিলকারীরা। এ সময় পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।
এরপর দুপুর আড়াইটার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন এবং ‘জেলা পরিষদ স্বাধীন’ বলে স্লোগান দেন।
এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আমাদের পুলিশি টহল অব্যাহত রয়েছে।
