logo

দুই দুধের কৌটায় লুকানো ছিল ৫ ‘শক্তিশালী’ বোমা

দুই দুধের কৌটায় লুকানো ছিল ৫ ‘শক্তিশালী’ বোমা
রায়পুরে পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করা ‘শক্তিশালী’ আইইডি বোমা। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে

পাঁচটি ‘শক্তিশালী’ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উদ্ধারের দুই দিন পর আদালতের অনুমতি নিয়ে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এর আগে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে দুই দিন পুলিশি পাহারা বসানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। কৌটাগুলো খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেওয়া ঘরটি ওই সিকদার বাড়িতে শনাক্ত করা হয়েছিল। এর আগে ওই ঘর থেকেও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটার ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করতে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেন।

ওসি আরও জানান, বোমাগুলো কারা সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে স্পর্শ না করে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।