কয়েক দিন ধরে স্প্যাম নম্বর থেকে হুমকি আসছিল: নুসরাত তাবাসসুম

হামলার তিন ঘণ্টা আগে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল এবং এর আগে একাধিকবার তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (সংরক্ষিত) নুসরাত তাবাসসুম।
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
এর আগে গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা বা বিস্ফোরক নিক্ষেপের মাধ্যমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নুসরাত নুসরাত তাবাসসুম জ্যোতি বলেছেন, আমার গ্রামের বাড়িতে হওয়া হামলাটি একটি পরিকল্পিত ঘটনা। গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে হুমকি কল আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি কল পাই। গত মঙ্গলবার পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। সেই জিডির পরও বেশ কিছু হুমকি এসেছে।
তিনি আরও বলেন, হামলাটি যখন হয়, এর তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজ আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।
নুসরাত দাবি করেন, তার বাড়িতে ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। হামলার পেছনে আওয়ামী লীগ জড়িত আছে মনে করে তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এ জন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।
নিজের বাড়ির স্মৃতিচারণ করে নুসরাত তাবাসসুম বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। ওই পরিবারের সদস্যরা আমাদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিলেন। বাড়িটি আমার দাদার হাতে তৈরি। এখানেই আমি বড় হয়েছি, আমার ছোট ভাই বড় হয়েছে এবং বাবা-মা সংসার করেছে। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। আগুনে পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। বাড়ির প্রায় সবকিছুই পুড়ে গেছে।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছে। তারা মনে করছে, এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে, ভয় দেখানো যাবে। তাদের বলতে চাই, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। সেই অভিজ্ঞতার ফল হিসেবেই ২৪ এসেছে। এসব ঘটনা দিয়ে আমাদের ভয় দেখানো বা কষ্ট দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের জীবন যেমন অনিরাপদ, সংসদ সদস্যদের জীবনও তেমন অনিরাপদ। একজন সংসদ সদস্যের বাড়িতে মধ্যরাতে এভাবে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত। সংসদে বক্তব্য দিয়ে কিংবা পরিস্থিতি অস্বীকার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আড়াল করা যাবে না।
তিনি আরও বলেন, এ ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, জুলাই আন্দোলন ও জুলাই-সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ, সুষ্ঠু তদন্ত এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন তিনি।






