ঘাড়ের চারপাশে অতিরিক্ত মেদ কি স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত, কমাতে যেসব নিয়ম মানবেন

শরীরের অতিরিক্ত ওজন ও মেদ জমাকে যে হৃদরোগের ঝুঁকির অন্যতম কারণ হিসেবে মনে করা হয়, তা আমরা সবাই জানি। কিন্তু ঘাড়ের চারপাশের মেদও হৃদস্বাস্থ্যের ইঙ্গিত দিতে পারে, তা কি আপনি জানেন?
শুধু শরীরের মোট ওজনের পাশাপাশি কোথায় চর্বি জমছে, সেটিও হৃদস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে ঘাড়ের চারপাশে অতিরিক্ত মেদ জমা শরীরের বিপাকীয় সমস্যা ও হৃদরোগের ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বডি মাস ইনডেক্স বা বিএমআই দিয়ে শরীরের ওজন ও উচ্চতার অনুপাত জানা গেলেও শরীরের কোথায় চর্বি জমেছে, তা বোঝা যায় না। ফলে বিএমআই স্বাভাবিক থাকার পরও কারও পেট, কোমর বা ঘাড়ের চারপাশে অতিরিক্ত চর্বি থাকতে পারে।
গবেষণায় দেখা গেছে, ঘাড়ের পরিধির সঙ্গে উচ্চ রক্তচাপ, ভালো কোলেস্টেরলের মাত্রা কমে যাওয়া ও অন্যান্য বিপাকীয় সমস্যার সম্পর্ক আছে। এসব সমস্যা পরবর্তী সময়ে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
ঘাড়ের চারপাশে মেদ জমা হৃদস্বাস্থ্যের জন্য কেন গুরুত্বপূর্ণ?
ঘাড়ের চারপাশে অস্বাভাবিকভাবে বেশি চর্বি জমা শরীরের উপরের অংশে অতিরিক্ত মেদ থাকার একটি লক্ষণ হতে পারে। শরীরের এই অংশে চর্বি জমার সঙ্গে বিভিন্ন বিপাকীয় পরিবর্তনের সম্পর্ক পাওয়া গেছে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ঘাড় ও পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমার সঙ্গে রক্তচাপ ও কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট হওয়ার সম্পর্ক থাকতে পারে। বিশেষ করে রক্তে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা কমে যাওয়া ও রক্তচাপ বেড়ে যাওয়ার মতো সমস্যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে এসব সমস্যার কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগজনিত জটিলতা দেখা দিতে পারে।
তবে শুধু ঘাড়ে মেদ জমার কারণেই হৃদরোগ হয় না। এটি শরীরের বিপাকীয় স্বাস্থ্য বোঝার একটি নির্দেশক হতে পারে।
কী বলছে গবেষণা?
২০০৯ সালে প্রকাশিত Framingham Heart Study-এর একটি গবেষণায় ঘাড়ের পরিধির সঙ্গে হৃদস্বাস্থ্য ও বিপাকীয় ঝুঁকির সম্পর্ক বিশ্লেষণ করা হয়। গবেষণায় ৩ হাজার ৩২০ জনের তথ্য পর্যালোচনা করা হয়েছিল।
গবেষকেরা দেখতে পান, পেটের ভেতরে জমে থাকা চর্বির বিষয়টি ছাড়াও ঘাড়ের পরিধির সঙ্গে হৃদরোগের ঝুঁকিসংশ্লিষ্ট কয়েকটি উপাদানের সম্পর্ক আছে। বিশেষ করে ঘাড়ের পরিধি বেশি হওয়ার সঙ্গে সিস্টোলিক রক্তচাপ বেশি থাকা ও ভালো কোলেস্টেরলের মাত্রা কম থাকার সম্পর্ক পাওয়া যায়।
গবেষণাটি এটাই প্রমাণ করে, শরীরের কোথায় চর্বি জমছে, সেটাও স্বাস্থ্যের ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এই গবেষণায় ঘাড়ের মেদ সরাসরি হৃদরোগ সৃষ্টি করে, এমন প্রমাণ পাওয়া যায়নি।
শুধু বিএমআই দিয়ে কি হৃদরোগের ঝুঁকি বোঝা যায়?
শরীরের ওজনজনিত স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নে বিএমআই বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। এতে একজন মানুষের উচ্চতা ও ওজনের অনুপাত হিসাব করা হয়। তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে।
বিএমআই দিয়ে শরীরে পেশি ও চর্বির পরিমাণ আলাদা করে বোঝা যায় না। একইভাবে শরীরের কোন অংশে অতিরিক্ত চর্বি জমেছে, সেটিও জানা সম্ভব হয় না। এ কারণে কারও বিএমআই স্বাভাবিক হলেও তার পেট, কোমর বা ঘাড়ের চারপাশে অতিরিক্ত চর্বি থাকতে পারে। এসব চর্বি বিপাকীয় স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা তাই স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নের সময় বিএমআইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ও বিবেচনা করার পরামর্শ দেন।
ঘাড়ের চারপাশে মেদ জমার স্বাস্থ্যঝুঁকি
ঘাড়ের চারপাশে অতিরিক্ত মেদ জমার সঙ্গে কয়েকটি স্বাস্থ্য সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। যেমন-
উচ্চ রক্তচাপ: শরীরে অতিরিক্ত চর্বি জমার সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক আছে। ঘাড়ের পরিধি বেশি হওয়া এমন ঝুঁকির একটি সম্ভাব্য নির্দেশক হতে পারে। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে।
কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট হওয়া: ঘাড়ের চারপাশে অতিরিক্ত মেদ জমার সঙ্গে ভালো কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। রক্তে কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট হলে ধমনিতে চর্বি জমার ঝুঁকি বাড়তে পারে, যা হৃদস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
টাইপ ২ ডায়াবেটিস: শরীরে অতিরিক্ত চর্বি জমলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এতে শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ফলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়।
স্লিপ অ্যাপনিয়া: ঘাড়ের চারপাশে অতিরিক্ত চর্বি জমলে ঘুমের সময় শ্বাসনালি সংকুচিত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এর ফলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া দেখা দিতে পারে। এই সমস্যায় ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। চিকিৎসা না করালে এটি রক্তচাপ ও হৃদস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের অস্বাভাবিক মাত্রা হৃদরোগের ঝুঁকির কারণ হতে পারে। ঘাড়ের পরিধি বেশি হওয়ার সঙ্গে এসব সমস্যার সম্পর্ক থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি।
ঘাড়ের মেদ কমাতে কী করবেন?
শরীরের নির্দিষ্ট একটি অংশের চর্বি আলাদাভাবে কমানো খুব কঠিন কাজ। তবে সামগ্রিকভাবে শরীরের অতিরিক্ত মেদ কমাতে পারলে ঘাড়ের চারপাশের চর্বিও কমতে পারে। এজন্য কিছু অভ্যাস অনুসরণ করতে পারেন-
- প্রতিদিন দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো ব্যায়াম শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে।
- খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল, মাছ, ডিম এবং প্রয়োজনীয় প্রোটিন রাখুন।
- অতিরিক্ত চিনি, ফাস্টফুড, কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবার একদম কমিয়ে দিন।
- নিয়মিত পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
- প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ঘুমের অভ্যাস ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
- অতিরিক্ত ওজন থাকলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন।
ঘাড়ের মেদ থাকলেই কি হৃদরোগ হবে?
ঘাড়ের চারপাশে অতিরিক্ত চর্বি থাকলেই কারও হৃদরোগ হয়েছে বা ভবিষ্যতে হবে, এমন ভাবাও ঠিক না। শুধু ঘাড়ের মেদ হৃদরোগ নির্ণয় করতে পারে না। আবার, ঘাড়ের মাপ স্বাভাবিক হলেও হৃদরোগের ঝুঁকি থাকতে পারে।
হৃদরোগের ঝুঁকি নির্ধারণে বয়স, পারিবারিক ইতিহাস, রক্তচাপ, রক্তে শর্করা, কোলেস্টেরলের মাত্রা, ধূমপানের অভ্যাস ও শারীরিক সক্রিয়তার মতো বিষয় বিবেচনা করা হয়।
তাই ঘাড়ের চারপাশে অতিরিক্ত মেদ থাকলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। প্রয়োজন অনুযায়ী রক্তচাপ, রক্তে শর্করা ও লিপিড প্রোফাইল পরীক্ষা করিয়ে সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পেতে পারেন।
সূত্র: পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামাটিভিতে ‘Why fat around your neck could matter for heart health’ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজে ‘Neck Fat a Measure of Heart Risk’ শিরোনামে প্রকাশিত আর্টিকেলের অনুবাদ ও সম্পাদনা করেছেন সাবিহা তাবাসসুম শুচি।











