ডেঙ্গু পরীক্ষা নেগেটিভ আসার পরও কি ডেঙ্গু হতে পারে

জ্বর কমে গেলেই বিপদ কেটে যায় না, বরং ডেঙ্গুর সংকটকাল শুরু হতে পারে তখনই। তাই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও উপসর্গ ও শারীরিক অবস্থার ওপর রাখতে হবে বিশেষ নজর।
ডেঙ্গু জ্বরের মৌসুমে জ্বর হলেই অনেকের মনে প্রথম প্রশ্ন আসে, এটি কি ডেঙ্গু? আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে অনেকেই স্বস্তি বোধ করেন।
কিন্তু চিকিৎসাবিজ্ঞানের বাস্তবতা হলো, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। পরীক্ষার ধরন, জ্বর শুরুর পর কত দিন অতিবাহিত হয়েছে এবং শরীরে ভাইরাস বা অ্যান্টিবডির উপস্থিতির ওপর পরীক্ষার ফলাফল নির্ভর করে।
ডেঙ্গু নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার সময় ও ফলাফল মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেছেন ভারতের চেন্নাইয়ে অবস্থিত শ্রী বালাজি মেডিকেল কলেজের অতিথি অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান এবং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কৌশিক ঘোষ।
ডেঙ্গু পরীক্ষা নেগেটিভ আসার পরও কেন সংক্রমণ থাকতে পারে?
তাদের মতে, ডেঙ্গু শনাক্তকরণের বহুল ব্যবহৃত পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে NS1 Antigen, IgM Antibody এবং RT-PCR। তবে প্রতিটি পরীক্ষার কার্যকারিতা নির্ভর করে রোগের কোন পর্যায়ে সেটি করা হচ্ছে তার ওপর।
NS1 Antigen পরীক্ষা: সাধারণত জ্বর শুরুর প্রথম ১-৫ দিনের মধ্যে এই পরীক্ষা করানো বেশি কার্যকর। জ্বর শুরুর ৫–৬ দিন পর রক্তে NS1 অ্যান্টিজেনের পরিমাণ কমে যেতে পারে। ফলে শরীরে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ থাকা সত্ত্বেও পরীক্ষার ফল নেগেটিভ আসতে পারে। এ ছাড়া ভাইরাসের সেরোটাইপ ও অন্যান্য জৈবিক কারণে NS1 পরীক্ষায় ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনাও থাকে।
IgM Antibody পরীক্ষা: এই পরীক্ষা সাধারণত জ্বর শুরুর পাঁচ দিন পর থেকে বেশি কার্যকর হয়। সংক্রমণের একেবারে প্রাথমিক পর্যায়ে শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি না হওয়ায় IgM পরীক্ষার ফল নেগেটিভ আসতে পারে। তাই জ্বরের প্রথম কয়েক দিনের মধ্যে এই পরীক্ষা করালে ডেঙ্গু থাকলেও তা শনাক্ত না হওয়ার আশঙ্কা থাকে।
RT-PCR পরীক্ষা: ডেঙ্গু ভাইরাস শনাক্ত করার জন্য RT-PCR একটি অত্যন্ত সংবেদনশীল ও নির্দিষ্ট আণবিক পরীক্ষাপদ্ধতি। সাধারণত অসুস্থতার প্রথম ৫-৭ দিনের মধ্যে, যখন রক্তে ভাইরাসের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে, তখন এই পরীক্ষা সবচেয়ে কার্যকর। তবে ৫-৭ দিন পর RT-PCR নেগেটিভ এলেও ডেঙ্গু পুরোপুরি বাতিল করা যায় না। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী IgM ELISA-এর মতো সেরোলজিক্যাল পরীক্ষা করা যেতে পারে।
ডেঙ্গু টেস্ট নেগেটিভ হলে কী করবেন?
অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান ও অধ্যাপক ডা. কৌশিক ঘোষের মতে, ডেঙ্গু পরীক্ষার ফলাফলের পাশাপাশি রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থার মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
১. উপসর্গের দিকে নজর রাখুন
ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও উচ্চ বা মৃদু জ্বর, চোখের পেছনে ব্যথা, তীব্র শরীরব্যথা, মাথাব্যথা কিংবা বমি বমি ভাব থাকলে ডেঙ্গুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে উপযুক্ত সময়ে পুনরায় পরীক্ষা করতে হবে।
২. CBC পরীক্ষা করান
ডেঙ্গু নির্ণয় ও রোগের গতিপ্রকৃতি পর্যবেক্ষণে Complete Blood Count (CBC) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রক্তের প্লেটলেট, শ্বেত রক্তকণিকা (WBC) এবং হেমাটোক্রিটের (Hematocrit) পরিবর্তন পর্যবেক্ষণ করা প্রয়োজন। প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া কিংবা হেমাটোক্রিট বেড়ে যাওয়ার বিষয়টি চিকিৎসকেরা বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। তবে শুধু প্লাটিলেটের সংখ্যা দিয়ে ডেঙ্গুর তীব্রতা নির্ধারণ করা যায় না।
৩. ওষুধ ব্যবহারে সতর্ক থাকুন
ডেঙ্গু সন্দেহ হলে জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। তবে আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাকসহ NSAIDs-জাতীয় ওষুধ এড়িয়ে চলতে হবে। কারণ এসব ওষুধ রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।
দ্বিতীয়বার ডেঙ্গু হলে ঝুঁকি কি বেশি?
ডেঙ্গু ভাইরাসের চারটি প্রধান সেরোটাইপ রয়েছে—DENV-1, DENV-2, DENV-3 ও DENV-4। একজন ব্যক্তি একবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর অন্য সেরোটাইপের ভাইরাসে পুনরায় সংক্রমিত হতে পারেন।
এই দুই বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয়বার ভিন্ন সেরোটাইপের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যেতে পারে। এর অন্যতম কারণ হলো অ্যান্টিবডি-ডিপেনডেন্ট এনহ্যান্সমেন্ট (Antibody-Dependent Enhancement বা ADE) নামের একটি জৈবিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় আগের সংক্রমণের তৈরি কিছু অ্যান্টিবডি নতুন সেরোটাইপের ভাইরাসকে যথাযথভাবে নিষ্ক্রিয় করতে না পেরে সংক্রমণকে আরও জটিল করে তুলতে পারে।
তবে মনে রাখতে হবে, দ্বিতীয়বার ডেঙ্গু হলেই যে গুরুতর অবস্থা তৈরি হবে, এমন নয়। প্রথমবার আক্রান্ত ব্যক্তিরও গুরুতর ডেঙ্গু হতে পারে।
জ্বর কমে গেলেই বিপদ শেষ নয়: ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজ
দুই চিকিৎসকের মতে, ডেঙ্গুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় হলো ক্রিটিক্যাল ফেজ বা সংকটকাল। সাধারণত অসুস্থতার ৩-৭ দিনের মধ্যে এ পর্যায় দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এ সময় রোগীর জ্বর কমে যায়। ফলে রোগী বা পরিবারের সদস্যরা মনে করেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বাস্তবে জ্বর কমার পরবর্তী ২৪-৪৮ ঘণ্টা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।
এ সময় শরীরের রক্তনালি থেকে তরল বেরিয়ে যাওয়ার কারণে রক্তচাপ কমে যাওয়া, শক এবং অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।
নিচের যেকোনো একটি লক্ষণ দেখা দিলে পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যেতে হবে:
- মাড়ি বা নাক থেকে রক্তপাত।
- অবিরাম বমি অথবা রক্তবমি।
- কালো রঙের পায়খানা।
- তীব্র বা ক্রমাগত পেটব্যথা।
- ত্বকে অস্বাভাবিক লালচে দাগ বা ফুসকুড়ি, বিশেষত রক্তক্ষরণের লক্ষণ।
- রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম।
- হাত-পা বা শরীর হঠাৎ অতিরিক্ত ঠান্ডা ও ঘামযুক্ত হয়ে যাওয়া।
- দীর্ঘ সময় প্রস্রাব না হওয়া অথবা প্রস্রাবের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।
সচেতনতাই ডেঙ্গু মোকাবিলার প্রথম শর্ত
তাদের মতে, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসা মানেই যে শরীরে ডেঙ্গু সংক্রমণ নেই, তা নয়। রোগের পর্যায় অনুযায়ী পরীক্ষার ফলাফলে পার্থক্য হতে পারে। তাই উপসর্গ, শারীরিক অবস্থা, CBC রিপোর্ট এবং প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা; সবকিছু মিলিয়ে চিকিৎসককে রোগীর অবস্থা মূল্যায়ন করতে হয়।
বিশেষ করে জ্বর কমে যাওয়ার পর রোগীর অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরি। পর্যাপ্ত তরল গ্রহণ, বিশ্রাম, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং বিপৎসংকেত দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়াই ডেঙ্গুজনিত জটিলতা এড়ানোর গুরুত্বপূর্ণ উপায়।
অতএব, ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও অসুস্থতাকে অবহেলা করবেন না। মনে রাখবেন, ডেঙ্গুতে সময়মতো সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
