কপ সম্মেলনে প্রধানমন্ত্রী/জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয়

জলবায়ু সংকটে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, চায় অনুদান। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং বর্তমান কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায়। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।
জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০২৩ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষেও কাজ করছে সরকার। বিশেষ করে প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
বিস্তারিত আসছে...









