জাল সার্টিফিকেটে বরখাস্তের ১২ বছর পর সাবেক প্রধান শিক্ষককে গেজেটে অন্তর্ভুক্তির সুপারিশ

রংপুরের মিঠাপুকুরে জাল সার্টিফিকেটে চাকরি পাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়ার ১২ বছর পর রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পুনরায় গেজেটে অন্তর্ভুক্ত করার সুপারিশের অভিযোগ উঠেছে। নিয়োগের সময় দাখিলকৃত এইচএসসি ও স্নাতক পাসের সনদ জাল প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে তাকে বরখাস্ত করা হলেও, সম্প্রতি নতুন সনদ জমা দেওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এই সুপারিশ করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি মো. রাসেল মিয়া জেলা প্রশাসক ও প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২০১০ সালের ২৭ জুন ম্যানেজিং কমিটির সভাপতি মো. খাজেউদ্দিন মন্ডলের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন শফিকুল ইসলাম। বিদ্যালয়টি সরকারি করণের প্রাক্কালে প্রধান শিক্ষক মো. বদিউজ্জামানের আবেদনের প্রেক্ষিতে মো. শফিকুল ইসলামের চাকরিতে যোগদানের সময়ে দাখিলকৃত সার্টিফিকেট যাচাই করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী এবং গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করা হয়।
বোর্ড থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে তৎকালীন রংপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক ও মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শফিকুল ইসলামের নিয়োগের সময় দাখিলকৃত সার্টিফিকেট যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করলে তার এইচএসসি এবং স্নাতক পাশ সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মিল নাই মর্মে প্রতিবেদন পাওয়া যায়। এরপরই শিক্ষা বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ২০১৩ সালের ২ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন ৩ জুলাই চিঠি দিয়ে মো. শফিকুল ইসলামকে প্রধান শিক্ষকের পদ থেকে বরখাস্ত করে।
এদিকে, বরখাস্তের ১২ বছর পরে চলতি বছরের (২০২৬ সাল) ২২ জানুয়ারি মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় এই শিক্ষকের এইচএসসি ও স্নাতক পাশের নতুন সনদ যুক্ত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক গেজেটে নাম অন্তর্ভুক্তকরণের সুপারিশ করেছেন।
নথি পর্যালোচনা করে দেখা যায়, গত ২০১৪ সালের ২৬ নভেম্বর রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা বেগম স্বাক্ষরিত স্মারকমূলে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বরাবর প্রেরণ করা পত্রে উল্লেখ করা হয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাকরিতে যোগদানকালীন স্নাতক পাশের যে সার্টিফিকেট দাখিল করেছেন তাতে দেখা যায় তিনি ২০১১ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্সসহ বিএ পাশ করেছেন। অথচ তিনি বিএ পাশ যোগ্যতা নিয়ে ২০১০ সালের ২৭ জুন প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
এতে প্রতীয়মান হয়, শফিকুল ইসলাম প্রতারণার আশ্রয় নিয়ে স্নাতক পাশ না করে জাল সার্টিফিকেট দিয়ে প্রধান শিক্ষকের চাকরি নিয়েছেন। এ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী তার এসএসসি পাশের সার্টিফিকেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তার স্নাতক পাশের সার্টিফিকেট সঠিক নয় মর্মে অবহিত করেন। এ অবস্থায় ম্যানেজিং কমিটি কর্তৃক মো. শফিকুল ইসলামকে বরখাস্তের সিদ্ধান্ত সঠিক আছে মর্মে নিম্নস্বাক্ষরকারী মনে করেন।
এ বিষয়ে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহসভাপতি মো. রাসেল মিয়া এশিয়া পোস্টকে বলেন, শফিকুল ইসলাম জাল সার্টিফিকেট দিয়ে চাকরিতে যোগদান করেছিলেন। জেলা শিক্ষা অফিসের তদন্তে সেটি প্রমাণিত হওয়ার পরে ম্যানেজিং কমিটি তাকে বহিষ্কার করে ১২ বছর আগেই। বহিষ্কারের পরেই মো. বদিউজ্জামানকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বদিউজ্জামান বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। কয়েকমাস হলো বিশ লাখ টাকার বিনিময়ে বদিউজ্জামান মামলা তুলে নেন।
অভিযোগ উঠেছে, ইতোমধ্যে শফিকুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে ও টাকার বিনিময়ে এইচএসসি পাশের সার্টিফিকেট কিনে নেন। সেসব নতুন সার্টিফিকেট দিয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকে মোটা অংকের টাকা দিয়ে গেজেটের জন্য সুপারিশ করিয়েছেন। চাকরিতে যোগদানকালে জাল সার্টিফিকেট দিয়ে নিয়োগ নেওয়ার পরে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষককে ১২ বছর পর বেআইনিভাবে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমি এইচএসসি পাশ করেছি চাকরিতে যোগদানের আগেই। সেই সার্টিফিকেট দিয়েই চাকরিতে যোগদান করেছি। বদিউজ্জামান ও রাসেল মিয়া আমার জমাকৃত সার্টিফিকেট পালটিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে শিক্ষা অফিসে জমা দেয়। এরপরে শিক্ষা অফিসের তদন্তে জাল সার্টিফিকেট প্রমাণ করে আমাকে বরখাস্ত করে। এছাড়া সেসময় আমি স্নাতকের রেজাল্ট প্রত্যাশী হিসেবে আবেদন করেছিলাম। দারুল ইহসানের সার্টিফিকেট বাতিল করার পরে সরকারি নির্দেশনা অনুযায়ী আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিএ পাশ করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়ে এভাবে তারা ৬৫ লাখ টাকা নষ্ট করেছে। প্রয়োজনে আরও ২০ লাখ টাকা খরচ করবো। তারপরেও ওদের দেখেই ছাড়বো।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় এশিয়া পোস্টকে বলেন, আমি এখানে নতুন এসেছি। জাল সার্টিফিকেট নিয়ে তদন্ত করেছিলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ওই প্রতিবেদনের বিষয়ে আমার জানা ছিলো না। আমার কাছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) ফাইলটি পাঠিয়ে প্রতিবেদন দিতে বলেছিলেন। আমি শুধু ওই ফাইলে থাকা সার্টিফিকেটগুলো অনলাইনে চেক দিয়ে দেখেছি, ঠিক আছে। তারপরেই গেজেটের সুপারিশ করেছি।
মাঠ পর্যায়ে তদন্ত না করে কেন প্রতিবেদন পাঠানো হলো এমন প্রশ্নে তিনি বলেন, ডিপিও স্যার জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠাতে বলেছিলেন। আমি শুধু ফাইলটা যাচাই করে পাঠিয়ে দিয়েছি।
কয়েক লাখ টাকার বিনিময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় শফিকুল ইসলামের নাম গেজেটের জন্য সুপারিশ করেছেন বলে অভিযোগ থাকলেও বিষয়টি অস্বীকার করেন এ কর্মকর্তা।
রংপুর জেলা প্রাথমিকের সদ্য সাবেক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল বদিউজ্জামান। আদালতের নিষেধাজ্ঞার কারণে শফিকুলের গেজেট হয়নি। পরবর্তীতে বাদীর সঙ্গে আপসনামা হওয়ায় মামলাটি আদালতে নিষ্পত্তি হয়। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ায় তার গেজেটের জন্য সুপারিশ করেছি।
আদালতে মামলা নিষ্পত্তি হলেও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে চাকরিতে যোগদানকালীন সময়ে এইচএসএসি ও স্নাতকের সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বহিষ্কারের ১২ বছর পর অন্য সার্টিফিকেট দেখিয়ে বিধিমালা ভঙ্গ করে গেজেটের জন্য কেন সুপারিশ করা হলো, এমন প্রশ্নে তিনি বলেন, আমি শুধু আদালতের বিষয়টি খেয়াল করেছি, আর সুপারিশ করলেইতো গেজেট হচ্ছে না। অধিদপ্তরেও এটি আটকে যেতে পারে।












