মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দেড় বছর ধরে বন্ধ সিজার, ভোগান্তিতে প্রসূতিরা

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে পরিচালিত কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রায় দেড় বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের অভাবে এই গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় প্রত্যন্ত চরাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অস্ত্রোপচারের প্রয়োজন হলে বাধ্য হয়ে তাদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতালে, এতে বাড়ছে আর্থিক ও মানসিক চাপ।
ভুক্তভোগীদের অভিযোগ, এক সময় স্বল্প খরচে ও সহজে প্রসূতিসেবা পাওয়ার অন্যতম ভরসাস্থল ছিল কেন্দ্রটি। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের দরিদ্র পরিবারের নারীদের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ আশ্রয়। কিন্তু দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
দেখা গেছে, কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চল থেকে প্রসূতিদের নিয়ে এই কেন্দ্রে আসেন স্বজনেরা। তাদের অনেকের পক্ষে জরুরি মুহূর্তে অন্য হাসপাতালে যাওয়া কঠিন। সিজারের প্রয়োজন দেখা দিলে নতুন করে হাসপাতাল খোঁজা, যানবাহনের ব্যবস্থা এবং রোগী স্থানান্তর করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তাদের।
কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে প্রায় ৩০০ জন গর্ভবতী নারীকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৭ জনের নরমাল ডেলিভারি করা হয়েছে এই কেন্দ্রটিতে। তবে লোকবল বৃদ্ধি ও অ্যানেসথেসিয়া চিকিৎসক পেলে সেবা আরও অনেক বেড়ে যাবে বলে জানান কেন্দ্রটির চিকিৎসক।
সেবা নিতে আসা কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের আনোয়ারা বেগম বলেন, এখানে সিজার হবে, এমন আশায় রোগী নিয়ে এসেছিলাম। কিন্তু এসে জানতে পারি, দীর্ঘদিন ধরে সিজার বন্ধ। পরে অন্য হাসপাতালে যেতে হবে। জরুরি সময়ে কোথায় যাবো, কীভাবে যাবো,তা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছে।
আরেক নারী লাকি বেগম বলেন, আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য দূরে গিয়ে চিকিৎসা নেওয়া অনেক কষ্টের। এখানে সিজারের ব্যবস্থা থাকলে এত ভোগান্তিতে পড়তে হতো না।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সিজারিয়ান অপারেশন বন্ধ থাকাই নয়, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকটের কারণে কেন্দ্রটির সার্বিক চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে গর্ভবতী নারী ও শিশুদের প্রত্যাশিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের বিরুদ্ধে কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, এ ঘটনার পর কয়েকজন কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এতে কেন্দ্রের স্বাভাবিক কর্মপরিবেশ ও সেবাদান কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে তাদের অভিযোগ।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের পাশাপাশি কেন্দ্রটির কর্মপরিবেশ স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিজারিয়ান অপারেশন পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে।
মেডিকেল অফিসার ডা. সামান্তা শেফিন রিমা বলেন, জনবল সংকটের বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। তবে কবে নাগাদ প্রয়োজনীয় জনবল পাওয়া যাবে এবং সিজারিয়ান অপারেশন পুনরায় কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই চিকিৎসক।










