পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে শিশুটির মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার খগেশ্বর রায়ের বাড়ি উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার বাবা, মা ও ভাই কেউ বাড়িতে ছিলেন না। খারাপ আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় প্রতিবেশী মঙ্গলী রানী কাজ শেষে বাড়ি ফেরার পথে ধস্তাধস্তি ও শিশুটির গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাকে দেখতে পেয়ে অভিযুক্ত খগেশ্বর পালিয়ে যান। পরে মঙ্গলী রানী ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, সকালে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল অফিসার ডা. মোছা. জান্নাতুন ফেরদৌস নিতু তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুটির পরিবার থানায় মামলা করার পর আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
