logo

অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ফয়সাল

অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ফয়সাল
নিখোঁজ ফয়সাল। ছবি: এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামে মায়ের শাসনের পর অভিমান করে বাড়ি ছেড়েছে মো. আল ফয়সাল (১৪) নামের এক কিশোর। গত ৭ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর টানা পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে সে। ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ আল ফয়সাল ওই গ্রামের মো. বাবুল ইসলামের ছেলে। তার বাবা পেশায় একজন সিএনজিচালক। ফয়সাল স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কিশোরের বাবা বাবুল ইসলাম জানান, গত ৭ নভেম্বর বিকেলে কোনো একটি বিষয় নিয়ে ফয়সালকে শাসন করেন তার মা। এরপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

তার বাবার ভাষ্য অনুযায়ী, নিখোঁজের সময় ফয়সালের পরনে ছিল চেক নেভি ব্লু রঙের গেঞ্জি ও কালো পায়জামা। তার গায়ের রং কালো।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ঘটনাটি জানার পর কিশোরের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তাকে উদ্ধারে পুলিশ সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে। আশা করি, খুব দ্রুতই ভালো কোনো খবর জানাতে পারব।

ফয়সালের সন্ধান পেলে ০১৭৭০-৫৪২৪৭৮ অথবা ০১৭৬৭-৬৪১৫৩১ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।