logo

ত্রিশালে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী

ত্রিশালে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। তবে এ প্রকল্পের আগে বগুড়া বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হবে। বগুড়ার প্রকল্পের প্রস্তুতি অনেকটা এগিয়ে থাকায় সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বগুড়ায় কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহ বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বিমানবন্দরে কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এটি একটি বড় ও জটিল পরিকল্পনা। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলছে।

বগুড়া বিমানবন্দর প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রকল্পটির কাজ অনেকটা এগিয়ে যাওয়ায় এটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের জন্য একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি ঢাকার উত্তরের বিস্তীর্ণ অঞ্চলেও অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরকে কেন্দ্র করে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ঘটবে।

ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে কেন্দ্র করে পর্যটনশিল্প বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি, যিনি ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। ত্রিশালসহ দেশকে মাদকমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।

বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বৃহত্তর ময়মনসিংহের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নেও কাজ করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বিশেষ করে এ অঞ্চলে চিকিৎসকসংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।