logo

৩ বছরের কাজ শেষ হয়নি ৯ বছরেও, ব্যয় বেড়েছে ৪৮ কোটি

৩ বছরের কাজ শেষ হয়নি ৯ বছরেও, ব্যয় বেড়েছে ৪৮ কোটি
তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ নয় বছরেও আলোর মুখ দেখেনি চাঁপাইনবাবগঞ্জ শহরের সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্প। ছবি: এশিয়া পোস্ট

তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ নয় বছরেও আলোর মুখ দেখেনি চাঁপাইনবাবগঞ্জ শহরের সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্প। দফায় দফায় সময় বাড়ানোর পাশাপাশি প্রকল্পের ব্যয় ৪৮ কোটি টাকা বাড়লেও বাস্তব অগ্রগতি আটকে আছে মাত্র ৭০ শতাংশে।

পৌরবাসীর অভিযোগ, তদারকির অভাব আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় বছরের পর বছর ধরে চলা এই খোঁড়াখুঁড়ি ও নির্মাণসামগ্রীর স্তূপে কার্যত স্থবির হয়ে পড়েছে পুরো শহর। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। বিশেষ করে বর্তমান ডেঙ্গু প্রাদুর্ভাবের সময়ে রাস্তার পাশে খোঁড়াখুঁড়ি ও ড্রেনে জমে থাকা পানি আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের প্রায় সব প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কের কোনো না কোনো অংশে কাজ চলছে। কোথাও রাস্তা খুঁড়ে রাখা হয়েছে, আবার কোথাও স্তূপ করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে যান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। প্রধান সড়কগুলো বন্ধ থাকায় বাধ্য হয়ে যানবাহন চলাচল করছে সংকীর্ণ বিকল্প পথে। ফলে পুরো শহরজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এ সুযোগে অটোরিকশাচালকরাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৮ সালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু থেকে দ্বিতীয় মহানন্দা সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, ১ দশমিক ৫৮ কিলোমিটার ঝিলিম রোড ও ১ দশমিক ৯০ কিলোমিটার করনেশন রোড প্রশস্তকরণ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর ২০১৮ সালের আগস্টে কাজ শুরু হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় ২০২৪ সালের জুন এবং দ্বিতীয় দফায় চলতি বছরের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

দীর্ঘ ৯ বছর পার হওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি দাঁড়িয়েছে মাত্র ৭০ শতাংশে। ১৯টি প্যাকেজের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পের মধ্যে এ পর্যন্ত মাত্র ৭টি প্যাকেজের কাজ শেষ হয়েছে। বাকি ১২টি প্যাকেজের কাজ এখনো অসমাপ্ত রয়েছে। বাকি কাজ শেষ করার অজুহাতে এখন পরিকল্পনা কমিশনে প্রকল্পটির তৃতীয় সংশোধনীর প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে কাজের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে। এতে তিন বছরের নির্ধারিত প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগছে ১১ বছর।

এদিকে সময় বাড়ার পাশাপাশি লাফিয়ে বেড়েছে প্রকল্পের নির্মাণ ব্যয়ও। শুরুতে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২৫৫ কোটি ৪৬ লাখ টাকা। দুই দফায় মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজেট বাড়িয়ে করা হয়েছে ৩০৩ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ প্রকল্পে অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় ৪৮ কোটি টাকা।

প্রকল্পের প্রকৌশল বিভাগ জানায়, সেতুর সংযোগ সড়কের কাজ শেষ হলেও জেলা শহরের বাতেন খাঁর মোড় থেকে ফুড অফিস মোড় হয়ে উদয়ন মোড় ঘুরে বড় ইন্দারা মোড় পর্যন্ত সড়ক ৩০ ফুটে উন্নীতকরণ ও ড্রেন নির্মাণের কাজ এখনো চলমান। পাশাপাশি কামাল উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয় থেকে শহরের পুরাতন জেলখানা মোড়সংলগ্ন বেসিক ব্যাংক পর্যন্ত লিংক রোড নির্মাণ, তিন কিলোমিটার ড্রেন এবং পানি সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ করছে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্পের ধীরগতি ও নাগরিক দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসেন জানান, শহরের দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা দূর করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। কিন্তু নানাবিধ কারণে কাজ পিছিয়ে গেছে। আগামী ২০২৮ সালের জুন পর্যন্ত তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, মূলত জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটেছে। তবে বর্তমানে কাজের গতি বাড়ানো হয়েছে এবং নির্ধারিত নতুন সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হলেও প্রকল্পের সামগ্রিক বাজেট আর বাড়ানো হবে না।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট