logo
৪৩তম আখ মাড়াই মৌসুম

আখের দাম বাড়লেও লোকসান কাটছে না নাটোর চিনিকলের

আখের দাম বাড়লেও লোকসান কাটছে না নাটোর চিনিকলের
নাটোর সুগার মিলস। ছবি: এশিয়া পোস্ট

চার দশকের পথচলায় ৪২টি মাড়াই মৌসুম পেরোলেও মাত্র তিনবার লাভের মুখ দেখেছে উত্তরবঙ্গের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নাটোর চিনিকল। পুরোনো যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ব্যয়, পর্যাপ্ত আখ সরবরাহের অভাব এবং বহুমুখী উৎপাদন না থাকায় এবারও লোকসানের বোঝা মাথায় নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে চিনিকলটির ৪৩তম আখ মাড়াই মৌসুম।

মিলটিকে লাভজনক করতে চার থেকে পাঁচ মাস আখ মাড়াই কার্যক্রম চালু রাখা, আখের দাম বাড়ানো, ডিস্টিলারি ও বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মিল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি নির্মাণের পর ১৯৮৪-৮৫ সালে প্রথম আখ মাড়াই শুরু হয়। এরপর এখন পর্যন্ত ৪২টি মাড়াই মৌসুম শেষ হয়েছে। তবে লাভের মুখ দেখেছে মাত্র তিনটি মৌসুমে। এবারও লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ১৩ নভেম্বর মৌসুমের আখ মাড়াই উদ্বোধন হতে যাচ্ছে।

গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে এক লাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ৬ হাজার ৩৯০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উৎপাদন হয়েছিল ৫ হাজার ২০০ টন। এবার সাত হাজার ৮০০ একর জমিতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা শুক্রবার উদ্বোধনের দিন জানা যাবে।

শ্রমিকরা জানান, অনেক পুরোনো এই মিলে প্রতিবছর বিভিন্ন যন্ত্রপাতি মেরামতে খরচ বেড়ে যায়। মেরামত খরচ কমানো সম্ভব হলে লাভের পরিমাণ আরও বাড়ত। আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা গেলে উৎপাদন খরচ অনেক কমবে এবং লাভের পরিমাণ বাড়বে।

অন্যদিকে আখ চাষিদের দাবি, মিলটি চার থেকে পাঁচ মাস চালু থাকলে তারা তাদের সব আখ সরবরাহ করতে পারতেন। পাশাপাশি মিলটি দীর্ঘদিন চালু থাকলে মৌসুমি শ্রমিকরাও পরিবার-পরিজন নিয়ে কোনোরকমে জীবনযাপন করতে পারতেন।

নাটোর চিনিকলের জুনিয়র ট্রাভেল অপারেটর নবীর হোসেন খান ও অপারেটর এটিভি মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, মিল হাউস টার্বাইনের মোটামুটি সব কাজ শেষ হয়েছে। এখন ওয়াটার ট্রায়াল করা হবে। এরপর রঙের কাজ, ঝালাইসহ যেখানে যা প্রয়োজন, সেসব কাজের ত্রুটি-বিচ্যুতি থাকলে তা ঠিক করে তারা উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন।

নাটোর চিনিকলের মৌসুমি শ্রমিক মাহম্মুদুল হাসান ও মৌসুমি ড্রাইভার জুয়েল খান জানান, ২০২৬-২৭ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। নাটোর চিনিকল সাধারণত ৬০ থেকে ৭০ দিন চালু থাকে। এত অল্প সময়ে কাজ করে যে আয় হয়, তা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার চালানো সম্ভব হয় না। তাই তারা মিলের মাড়াই মৌসুম চার থেকে পাঁচ মাস চালু রাখা এবং চাকরি স্থায়ী করে ১২ মাসের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।

আখ চাষি সবুজ প্রামাণিক, করিম মোল্লাসহ অন্যরা জানান, জমিতে আখ উৎপাদনে তাদের অনেক খরচ হয়েছে। কারণ, শ্রমিকের মজুরি ও গাড়িভাড়া অনেক বেড়েছে। আগে এক গাড়ি আখ সরবরাহ করে তারা ৮ হাজার টাকার বেশি পেতেন। তখন প্রতি মণ আখের দাম ২০ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু এবার বাড়ানো হয়েছে মণপ্রতি মাত্র ১১ টাকা। তাদের আশা ছিল, এবারও মণপ্রতি ২০ টাকা দাম বাড়ানো হবে।

এ ছাড়া আখ সরবরাহ করার পর এর মূল্য পেতেও দেরি হয় বলে জানান চাষিরা। ১০ দিনেও তারা আখের দাম পান না। এটিকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তারা বলেন, প্রতিদিনের আখের মূল্য প্রতিদিন পরিশোধ করা হলে আখ চাষের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে।

নাটোর চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, নাটোর চিনিকলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে শুধু চিনি উৎপাদনের ওপর নির্ভরশীল হলে চলবে না। সরকার যদি মিলটিকে লাভজনক অবস্থানে নিতে চায়, তাহলে কেরু কোম্পানির মতো বাইপ্রোডাক্ট হিসেবে ডিস্টিলারি, বিদ্যুৎ প্ল্যান্ট ও সবুজ সার তৈরির ব্যবস্থা করতে হবে। এ ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করলে মিলটি লাভজনক হবে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, নাটোর চিনিকল উত্তরাঞ্চলের একটি ভারী শিল্পপ্রতিষ্ঠান। ১৯৮৪-৮৫ সালে এই মিলে আখ মাড়াই শুরু হয়েছিল। চলতি বছরের ১৩ নভেম্বর ৪৩তম আখ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, এবার আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৮০০ একর। গত বছর ৮ হাজার একর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা পূরণ করা সম্ভব হয়নি। চলতি বছর আখের দাম বাড়িয়ে মণপ্রতি ১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত বছর মিলটি ৬৮ দিন চালু ছিল। এবারও প্রায় ৬৮ দিন চালু থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট