কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দুদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে পরিচালিত অভিযানে ৪২ জন এবং বুধবার আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। দুই দিনের অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।
দেশের স্থিতিশীলতা বিনষ্ট, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন এবং নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যেই জেলার বিভিন্ন থানায় একযোগে অভিযান চালানো হয়।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।