প্রবাসীদের সুরক্ষা ও আন্তদেশীয় অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে পুলিশি ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, মানবপাচার, ভিসা জালিয়াতি, মানি লন্ডারিং ও সাইবার অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।
সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ শনাক্ত ও দমন, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিংয়ের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ওপরও জোর দেওয়া হয়।
আইজিপি আন্তদেশীয় অপরাধ দমন এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

