logo

‘প্রবাসী কার্ড’ দ্রুত দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা, সতর্ক করল মন্ত্রণালয়

‘প্রবাসী কার্ড’ দ্রুত দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা, সতর্ক করল মন্ত্রণালয়
ছবি: এআই জেনারেটেড

দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ‘প্রবাসী কার্ড’ প্রদান করাসহ নানা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু অসাধু ও দালাল চক্র। এসব প্রতারণার বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বচানি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক যুগান্তকারী পদক্ষেপ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কার্ডটি এখনও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি এবং এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।

সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য, বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদান করার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

আরও বলা হয়, প্রবাসী কার্ড চালু হলে আবেদনপদ্ধতি, যোগ্যতা এবং সুবিধাসমূহ সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

পরামর্শ দিয়ে মন্ত্রণালয় জানায়, প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতে হবে। এ ছাড়া প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়।

এ ক্ষেত্রে প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের মুঠোফোন নম্বর—০১৭১২-৮৭০৯৬৮ অথবা ইমেইল: [email protected] অথবা মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলামের মুঠোফোন নম্বর—০১৩৩১-১১৬৬০০ বা [email protected] এই ইমেইলে যোগাযোগের পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।