শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমায় সিয়াম-তুষি, সঙ্গে চঞ্চল চৌধুরী

ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। তার পরিচালনায় নির্মিত ‘আবার দেখা হলে’ সিনেমাটি আসন্ন রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাদের সঙ্গে আরও রয়েছেন চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত অভিনয়শিল্পী।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। এ ছাড়া দেখা যাবে দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজকে। সিয়াম ও তুষির প্রথমবারের মতো জুটি হয়ে বড় পর্দায় আসা সিনেমাটির অন্যতম আকর্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘সিঙ্গার-বেকো’ নিবেদিত সিনেমাটি প্রযোজনা করছে ফিল্মি ফিচারস। সহপ্রযোজক ও আনুষ্ঠানিক ডিজিটাল অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সিনেমাটি নির্মিত হচ্ছে এমআইবি স্টুডিওসের সহযোগিতায়। এর চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।
প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘প্রিয় মালতী’। এ ছাড়া ওটিটির জন্য নির্মিত তার ‘চা গরম’ সিনেমাটিও দর্শকমহলে প্রশংসা পেয়েছিল।
‘আবার দেখা হলে’ সিনেমার গল্পের ধরন প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, এটি মূলত মধ্যবিত্ত পরিবারের গল্প। এতে রয়েছে আবেগ, পারিবারিক মূল্যবোধ, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা। তবে গল্পটি কেবল গম্ভীর আবহে এগোবে না; মূল আবেগের পাশাপাশি থাকছে হাস্যরসও। পরিবারের সব বয়সী দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন বলেও আশাবাদী তিনি।
শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে অনেক কিছু রয়েছে, যা একে একে বলা কঠিন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে কিংবা কোনো কিছুর কারণ জানতে চাইলে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সিনেমার গল্পও সেভাবে সাজানোর চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, প্রতিটি দর্শকই গল্পটির সঙ্গে নিজেকে মেলাতে পারবেন।’
নির্মাতার ভাষ্য অনুযায়ী, নিজের শিকড়ের সন্ধান, অতীতের সঙ্গে আত্মিক সংযোগ এবং ফেলে আসা সময়কে নতুন করে দেখার বিষয়গুলো সিনেমার গল্পে গুরুত্ব পেয়েছে। ভিন্ন ভিন্ন সময়ের মধ্য দিয়ে এগোবে কাহিনি। পাশাপাশি আবহসংগীত ও গানও গল্পের আবেগকে আরও গভীরভাবে তুলে ধরবে বলে মনে করেন তিনি।
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার কারণ জানিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি বিশ্বাস করে নানা অনুভূতির গল্প হওয়া জরুরি। আমাদের সিনেমাগুলো দেখলে দর্শকরা সেটা বুঝতে পারবেন। ‘আবার দেখা হলে’ সিনেমাটি পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। সিনেমা হলে দর্শকরা পরিবার নিয়ে দারুণ কিছু অনুভূতি ও মুহূর্তের মধ্য দিয়ে যাবেন বলে বিশ্বাস করি।’
সব মিলিয়ে পারিবারিক আবেগ, স্মৃতি ও আত্মঅনুসন্ধানের গল্প নিয়ে আসন্ন ঈদে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে ‘আবার দেখা হলে’।