রাজধানীর সবুজবাগে যুবলীগ নেতা রাজ্জাক গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
এসআরইউ সূত্রমতে, বুধবার (১১ নভেম্বর) সবুজবাগ থানাধীন বাইগদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ ও বাড্ডা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
এর মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলা তদন্তাধীন। বাকি চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।
এ ছাড়া বাড্ডা থানায় দায়ের করা একটি মামলায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন যুবলীগের এ নেতা।

