ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনা থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাউসার মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে। তিনি পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে ধরতে ঢাকা থেকে একটি বিশেষ টিম এসেছিল। আমরা তাদের সার্বিক সহযোগিতা করেছি। গ্রেপ্তারের পর আসামি কাউসারকে ঢাকার সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই সন্দেহভাজন আসামি হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) ওই মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের এজলাসে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় পেনাল কোডের ২২৪ ধারায় একটি মামলা রুজু করা হয়।
পরবর্তী সময়ে আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানিয়েছিলেন, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভের বশে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।
