নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ব্যাংক কর্মীর

কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যাংক কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়াহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস রহমান মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে বাইমমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
