সড়কের পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা

পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির একটি বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশ থেকে মানবদেহের এসব অংশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি কাটা হাত পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় জমান। পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে। এর কিছু সময় পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি বস্তার ভেতর থেকে আরও দুই পা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জানান, দুপুরের দিকে আমাদের বাড়ির পাশে মাদ্রাসার পেছনের রাস্তায় মানুষের বিচ্ছিন্ন হাত ও দুই পা পড়ে থাকার খবর পাই। এর আগে এমন অস্বাভাবিক ঘটনা কখনো দেখিনি। এসব হাত-পা কোথা থেকে এল এবং এর নেপথ্যে কী ঘটনা রয়েছে, তা দ্রুত তদন্ত করে বের করার দাবি জানান তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অঙ্গগুলোতে পচন ধরেছে। তবে এগুলো কার এবং কীভাবে সেখানে এল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, মরদেহের অবশিষ্ট অংশের সন্ধান এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। উদ্ধার করা অঙ্গগুলোর ফরেনসিক পরীক্ষাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা সম্ভব হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
