সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারি দোকানে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে মোলামগাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাটের একটি ভাঙারি দোকানে বিদ্যালয়ের ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই পাওয়া যায়। তবে বই বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের পাঠ্যবই স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। বিক্রি করা বইয়ের মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, গণিত, কৃষিশিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ, চারুপাঠ, ইংলিশ ফর টুডে ও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে। এসব বই কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা ভাঙারি দোকানে সরকারি পাঠ্যবই দেখতে পেয়ে খোঁজ নিলে দোকানের কর্মচারী জানান, বিদ্যালয়ের একজন শিক্ষক বইগুলো বিক্রি করে গেছেন।
মোলামগাড়িহাটের শাজাহানের ‘মুক্তা আয়রন স্টোর’ নামের ভাঙারি দোকানের কর্মচারী ইমরান বলেন, বিদ্যালয়ের একজন শিক্ষক বইগুলো দোকানে নিয়ে এসে বিক্রি করেন। কেজিপ্রতি ২০ টাকা দরে বইগুলো কেনা হয়েছে। বইগুলোর গায়ে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের উল্লেখ রয়েছে।
স্থানীয় বাসিন্দা রনি বলেন, দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে থেকে একজন পিয়নকে ভ্যানে করে বই নিয়ে ভাঙারি দোকানের দিকে যেতে দেখেন তিনি।
আরেক বাসিন্দা শাহজাহান বলেন, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করছে। অথচ বিদ্যালয়ের বই ভাঙারি দোকানে বিক্রি হতে দেখেছেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন, আমরা কোনো বোর্ড বই বিক্রি করিনি। বই বিক্রির তথ্য আমার জানা নেই। কোনো বই বিক্রি করা হয়নি।
তবে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর রহমান বলেন, বিদ্যালয়ের মালামাল বিক্রির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রির বিধান রয়েছে। সরকারি বোর্ড বই বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।