সহকর্মীর ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
গ্রেপ্তার পলাশ আলী (৩০) রাজশাহী তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ওসি বলেন, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত ২৭ বছর বয়সি এক তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে এনসিপি নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না।
বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টি আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
