যুব এশিয়া কাপের ফাইনালে আবারও ভারত-পাকিস্তান মহারণ
-05423c-720x405.webp)
আরও একবার শিরোপার মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। যুব এশিয়া কাপের দুই সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়া পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে তারা। ফলে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমেরাতে দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের দেওয়া ২২৮ রানের লক্ষ্য মাত্র ৩৬ ওভার ৫ বলেই পেরিয়ে যায় ভারত। অধিনায়ক লক্ষ্য রাইচান্দানির দুর্দান্ত ৯৩ রানের ইনিংসে ৭৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে নোমান সালারজাই ও শাহ ফয়সাল রহিমি দুজনই করেন ৫১ রান। শেষদিকে অধিনায়ক সোহেল খান ৩৬ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে ঈশান সুদ ৯ ওভারে ৪৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। আরিয়ান সাভসানি ২৯ রানে শিকার করেন দুটি উইকেট।
জবাবে শুরু থেকেই আফগান বোলারদের চাপে রাখেন ভারতের দুই ওপেনার লক্ষ্য রাইচান্দানি ও আর্যবীর শেবাগ। উদ্বোধনী জুটিতে ১১৭ রান তুলে জয়ের ভিত গড়ে দেন তাঁরা।
৫৭ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫১ রান করে শেবাগ ফিরলেও অন্য প্রান্তে আক্রমণ চালিয়ে যান ভারতীয় অধিনায়ক।
মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি পাননি রাইচান্দানি। ৯০ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ৯৩ রান করে আউট হন তিনি। এরপর ভিকে ভিনীতের অপরাজিত ৫৭ রানে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৬২ বলের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন ভিনীত। ১৪ বলে ১৬ রানে অপরাজিত থাকেন যশবর্ধন চৌহান।
শেষ পর্যন্ত ৩৬ ওভার ৫ বলে ২ উইকেটে ২৩০ রান তুলে ফাইনাল নিশ্চিত করে ভারত।
এর আগে আরেক সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পায় পাকিস্তান। রিজওয়ানউল্লাহর পাঁচ উইকেটে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে হায়াম খানের ৬৯ ও উসমান খানের অপরাজিত ৬৪ রানে মাত্র ২১ ওভার ৫ বলেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
আগামী শনিবার (১৪ নভেম্বর) আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের দুই নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ফাইনাল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
মজার বিষয়, টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। গত বছরের ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।
এবারের আসরেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। গত ৮ নভেম্বর দুই দলের লড়াইয়ে তিন উইকেটে জিতেছিল পাকিস্তানি যুবারা।
অন্যদিকে গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হারলেও নেপাল, সংযুক্ত আরব আমিরাত এবং সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত।
ফলে এবারের ফাইনালে ভারতের সামনে গত আসরের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা জয়।

