logo

৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, নতুন ক্লাবে চুক্তি

৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, নতুন ক্লাবে চুক্তি
সারের জার্সি হাতে অ্যান্ডারসন। ছবি: গেটি ইমেজ

বয়স ৪৪ বছর। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দুই বছর আগে। দীর্ঘ ২৫ বছর যে ক্লাবের হয়ে খেলেছেন, তারাও আর রাখতে চায়নি তাকে। এমন পরিস্থিতিতে অবসরের কথাই ভাবছিলেন জেমস অ্যান্ডারসন। কিন্তু ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারকে পেতে আগ্রহ দেখিয়েছে একাধিক কাউন্টি দল। শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে সারে। ফলে ৪৫ বছর বয়সেও পেশাদার ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ্যান্ডারসনকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সারে। আগামী ২০২৭ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলটির হয়ে খেলবেন তিনি। আপাতত এক বছরের জন্য চুক্তি হয়েছে দুই পক্ষের।

গত অক্টোবরে অ্যান্ডারসনের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করে ল্যাঙ্কাশায়ার। ২০০১ সালে যে ক্লাবের হয়ে পেশাদার ক্রিকেট শুরু করেছিলেন, সেই ক্লাবই নতুন চুক্তির প্রস্তাব দেয়নি তাকে।

সিদ্ধান্তে বিস্মিত ও হতাশ হয়েছিলেন অ্যান্ডারসন। এমনকি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন ইংলিশ কিংবদন্তি। তবে শেষ পর্যন্ত নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অথচ বয়স যে তার সামর্থ্য কমাতে পারেনি, সেটি প্রমাণ করে গত মৌসুমের পরিসংখ্যান। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। বোলিং গড় ছিল মাত্র ১৭ দশমিক ৬৮। দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি।

এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠে একাধিক কাউন্টি ক্লাব। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, অ্যান্ডারসনের কাছে কয়েকটি ক্লাব থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল।

নটিংহ্যামশায়ারও তার পরিস্থিতির ওপর নজর রাখছিল। তবে দলটির প্রধান লক্ষ্য ছিলেন আরেক ইংলিশ পেসার অলি রবিনসন। অন্যদিকে, ইয়র্কশায়ারে যাওয়ার সম্ভাবনা নিজেই নাকচ করে দিয়েছিলেন অ্যান্ডারসন।

শেষ পর্যন্ত সারের প্রস্তাবই গ্রহণ করেছেন তিনি। দলটির আর্থিক সামর্থ্যের পাশাপাশি প্রথম বিভাগে খেলার সুযোগ এবং শিরোপা জয়ের সম্ভাবনা তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছিল সারে। ২০২৫ সালে রানার্সআপ হলেও চলতি মৌসুমে সপ্তম স্থানে নেমে যায় তারা। আগামী মৌসুমে আবারও শিরোপার লড়াইয়ে ফিরতে চায় ক্লাবটি।

নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত অ্যান্ডারসন। সারের আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, ‘সারের মতো ক্লাবে যোগ দেওয়া সম্মানের। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছি। আমার বিশ্বাস, এখনও দলের জন্য অনেক কিছু দেওয়ার আছে।’

শুধু উইকেট নেওয়াই নয়, তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতেও চান তিনি। অ্যান্ডারসনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন দেখা তরুণদের উন্নতিতে ভূমিকা রাখতে পারবেন তিনি।

সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্টও উচ্ছ্বসিত এই চুক্তিতে। তার মতে, গত মৌসুমে ৫০ উইকেট নিয়ে অ্যান্ডারসন প্রমাণ করেছেন, এখনও তিনি ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার।

অ্যান্ডারসনের সঙ্গে স্টুয়ার্টের সম্পর্কও পুরোনো। ২০০৩ সালে ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসনের অভিষেক টেস্টে তার সতীর্থ ছিলেন স্টুয়ার্ট। দুই যুগের বেশি সময় পর এবার নতুন ভূমিকায় একসঙ্গে কাজ করবেন তারা।

আরও একটি বিশেষ স্মৃতি রয়েছে সারের মাঠ দ্য ওভালের সঙ্গে। ২০১৮ সালে এই মাঠেই ভারতের মোহাম্মদ শামিকে আউট করে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছিলেন অ্যান্ডারসন। ছাড়িয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অ্যান্ডারসন ১৮৮ টেস্টে নিয়েছেন ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের। পেসারদের মধ্যে এখনও তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি।

আগামী জুলাইয়ে ৪৫ বছর পূর্ণ হবে অ্যান্ডারসনের। যে বয়সে অধিকাংশ ক্রিকেটার কোচিং কিংবা ধারাভাষ্যে ব্যস্ত থাকেন, সেই বয়সেও বল হাতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট