পশুর হাটের ইজারার ৩৩ লাখ টাকা গেল কোথায়

সরকারি নীতিমালা ভেঙে বাকিতে পশুর হাট ইজারা দিয়ে চরম বিপাকে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা। তিন থেকে পাঁচ বছর পেরিয়ে গেলেও দুটি হাটের ইজারাদারদের কাছে বকেয়া পড়ে আছে প্রায় ৩৩ লাখ টাকা। বকেয়া টাকা উদ্ধারে তৎকালীন জেলা প্রশাসকের স্পষ্ট নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যর্থতায় তা পুরোপুরি ভেস্তে যেতে বসেছে। টাকা আদায়ের বদলে ইজারাদার ও পৌর কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ধোঁয়াশা তৈরি হয়েছে এ বিপুল রাজস্বের ভবিষ্যৎ নিয়ে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সাল অর্থাৎ প্রায় ৩ বছর আগে নাচোল পৌরসভার রেলওয়ে স্টেশন পশু (ছাগল) হাটটি ১৪৩০ বঙ্গাব্দের জন্য ৪৭ লাখ ৮০ হাজার টাকায় ইজারা নেন রাজশাহীর বোয়ালিয়া এলাকার আব্দুস সামাদ। ইজারার শর্ত অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো টাকা পরিশোধের নিয়ম থাকলেও, তিনি সাত দফায় মাত্র ২৫ লাখ টাকা জমা দেন। বাকি ২২ লাখ ৮০ হাজার টাকা না দিয়েই পুরো বছর হাটের কার্যক্রম চালিয়ে যান।
এছাড়া অতিরিক্ত আরও ৬ লাখ টাকার ভ্যাট বকেয়া পড়ে রয়েছে। ফলে কেবল এই একটি হাট থেকেই মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ২৮ লাখ ৮০ হাজার টাকা। শর্ত ভেঙে কীভাবে সিংহভাগ টাকা বকেয়া রেখে হাট চালানোর সুযোগ দেওয়া হলো, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
অন্যদিকে, নাচোল পৌরসভায় মাত্র একটি গরুর হাট রয়েছে। এই হাটটি প্রায় ৫ বছর আগে ১৪২৮ বঙ্গাব্দের জন্য ইজারা নেন সুখানদিঘী গ্রামের জাহাঙ্গীর আলম টিটু। তিনিও বকেয়া ৩ লাখ ২৩ হাজার টাকা পরিশোধ না করেই হাটের কাজ শেষ করেন। এই সময়ের মধ্যে বকেয়া টাকার সঙ্গে আরও প্রায় ১ লাখ টাকা যুক্ত হয়ে মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ টাকা।
দুটি হাট মিলিয়ে বিপুল রাজস্ব আটকে থাকায় ২০২৪ সালে বকেয়া আদায়ে দুই ইজারাদারের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করার নির্দেশ দেন তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। নির্দেশনার পর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব মামলার খরচ বাবদ পৌরসভার কোষাগার থেকে উত্তোলন করেন ২৫ হাজার টাকা।
এ বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া এলাকার ইজারাদার আব্দুস সামাদ দাবি করেন, পশু হাটের সব টাকা পরিশোধ করা হয়েছে, সামান্য কিছু টাকা পৌরসভা পেতে পারে।
অন্যদিকে অপর ইজারাদার জাহাঙ্গীর আলম টিটু এশিয়া পোস্টকে বলেন, হাটের ইজারার সম্পূর্ণ টাকা পরিশোধ করা আছে। কেউ যদি তহবিলে জমা না করে, তবে এতে আমার কী করার আছে?
মামলার খরচ তোলার বিষয়ে নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব এশিয়া পোস্টকে বলেন, সার্টিফিকেট মামলার প্রয়োজনে ২৫ হাজার টাকার স্ট্যাম্প কিনেছিলাম। স্ট্যাম্পগুলো ফাইলেই রাখা ছিল।
বরং পশুর হাট দুটি সরকারি নীতিমালার বাইরে গিয়ে সাবেক মেয়র ইজারা দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এসব হাট বাকিতে ইজারা দেওয়ার কোনো নিয়ম নেই। এরপরও পৌরসভার সাবেক মেয়র দিয়েছিলেন। আমরা বারবার চেষ্টা করেছিলাম টাকাগুলো ওঠানোর, কিন্তু ব্যর্থ হয়েছি।
এ বিষয়ে নাচোল পৌরসভার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, আমি এখানে সম্প্রতি যোগদান করে জানতে পেরেছি এখানে দুটি হাটের অনেক টাকা রাজস্ব বকেয়া রয়েছে। বিষয়টি জানার পর বর্তমান জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদের সার্টিফিকেট মামলা করার নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা রজু করা হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এশিয়া পোস্টকে বলেন, পৌরসভার রাজস্ব বকেয়া থাকার কথা নয়। বকেয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কারো উদাসীনতা থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

