গাইবান্ধায় স্মার্টফোন কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

গাইবান্ধার সদর উপজেলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় নিরব মিয়া (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বানিয়াজানের গুয়ের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব মিয়া ওই এলাকার বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে নিরব তার বাবা আব্দুস সোবহানের কাছে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য আবদার করছিলেন। তবে বাবা মোবাইল ফোন কিনে না দেওয়ায় বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বাবা-মা দুজনই কাজের জন্য বাড়ির বাইরে গেলে সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে নিরবের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে সদর থানা পুলিশ। বাদ আসর নামাজের পর নিরবকে দাফন করা হয়েছে।
স্থানীয় আজাদ মিয়া বলেন, সে একটি বখাটে ছেলে ছিল। প্রায়ই এলাকায় নেশা করত। শুনেছি, বাবার কাছে মোবাইল কেনার টাকা চেয়েছিল। তবে বাবা টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আত্মহত্যার ঘটনাটি শুনেছেন। তবে এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।