logo

নিজেকে জীবিত প্রমাণে নির্বাচন অফিসে কৃষক

নিজেকে জীবিত প্রমাণে নির্বাচন অফিসে কৃষক
৬০ বছরের কৃষক আব্দুল হক হাওলাদার। ছবি: এশিয়া পোস্ট

কৃষক কার্ডের জন্য আবেদন করতে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ে নিজেকে মৃত দেখতে পান ৬০ বছরের কৃষক আব্দুল হক হাওলাদার। নিজেকে এখন জীবিত প্রমাণ করতে উপজেলা নির্বাচন অফিসে ঘুরতে হচ্ছে তাকে।

আব্দুল হক হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে আসেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। আব্দুল হক হাওলাদারের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে আবেদন করতে গিয়ে দেখা যায়, সরকারি তথ্যে তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তিনি জীবিত রয়েছেন।

বিষয়টি জানার পর প্রথমে বিস্মিত হন আব্দুল হক ও তার পরিবারের সদস্যরা। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিলে সেখানকার তথ্যেও তাকে মৃত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি জানতে পারেন। ফলে জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত পরিচয়ের কারণে কৃষক কার্ডের আবেদনসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার।

নিজের জীবিত থাকার তথ্য সরকারি নথিতে পুনরায় অন্তর্ভুক্ত করতে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসে আসেন আব্দুল হক হাওলাদার। তিনি বলেন, ‘আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে (মৃত বানিয়ে) দিছে। এটা কারা দিলো মিথ্যা তথ্য? এখন নিজেকে জ্যাতা প্রমাণ করতে নির্বাচন অফিসে আসছি। স্যারদের সঙ্গে কথা বলবো, আমাকে কেন মৃত বানালো? আমি তো মরি নাই, জ্যাতা আছি। আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।’

তার স্ত্রী সাহেরা খাতুন বলেন, ‘আমার স্বামীরে নিয়ে নির্বাচন অফিসে আসলাম জীবিত বানাতে। আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে তিনি মৃত। আমরা তো বুঝতে পারিনি যে এমন ভুল হয়েছে। এখন এই ভুল সংশোধন করতে অফিসে আসতে হচ্ছে।’

আব্দুল হক হাওলাদারের নাতি মো. হাসনাত বলেন, ‘নানা বেঁচে আছে, কিন্তু আইডি কার্ডে মৃত। হয়তো যারা মাঠ জরিপ করে তারা এই ভুল তথ্য দিছে। অথচ কেউ আমাদের কাছে আসে নাই, কিছু জিজ্ঞেস করে নায়। আমাদের কাছে কোনো কিছু না বলে এই মিথ্যা তথ্য দিছে, যার জন্য এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে নির্বাচন অফিসে এসে নানার হাতের আঙুলের ফিঙ্গার দিয়েছি।’

রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, ‘আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তি এনআইডি কার্ডে মৃত দেখানোর সমস্যা নিয়ে এসেছেন। তার হাতের আঙুলের ছাপ দিয়ে আবেদন করা হয়েছে। এটি ঠিক করে দেওয়া হবে।’