সাফের সেমিফাইনাল-ফাইনালে থাকছে ভিএআর

দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। আগামী শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনাল থেকেই চালু হচ্ছে এই ব্যবস্থা। ফলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ লড়াইয়েও থাকছে ভিডিও রেফারির সহায়তা। তবে ম্যাচ হবে ঢাকায়, আর ভিডিও পর্যালোচনার কাজ চলবে থাইল্যান্ড থেকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। চলমান সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহার করা হবে রিমোট ভিএআর প্রযুক্তি।
এই প্রযুক্তি চালু করতে সাফকে সহযোগিতা করছে আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)। পুরো ব্যবস্থাটি পরিচালনা করবে স্পেনভিত্তিক ফিফা অনুমোদিত প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কোয়ালিটি।
তবে ভিডিও রেফারিরা ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসে কাজ করবেন না। তাদের কার্যক্রম পরিচালিত হবে থাইল্যান্ডে স্থাপিত একটি কেন্দ্রীয় ভিএআর পরিচালনাকেন্দ্র থেকে।
সাফ জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ভিডিও সরাসরি পাঠানো হবে থাইল্যান্ডের ওই কেন্দ্রে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করবেন।
কোনো গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড কিংবা ভুল ফুটবলারকে শাস্তি দেওয়ার মতো ঘটনা পর্যালোচনার প্রয়োজন হলে ভিডিও রেফারিরা মাঠের রেফারিকে সহায়তা করবেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) ভিএআর নীতিমালা অনুযায়ী চলবে পুরো প্রক্রিয়া।
ভিডিও পর্যালোচনার পর প্রয়োজনীয় তথ্য সরাসরি ঢাকায় দায়িত্ব পালনরত ম্যাচ কর্মকর্তাদের জানানো হবে। প্রয়োজনে মাঠের রেফারি নিজেও রিপ্লে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব থাকবে তার হাতেই।
এ জন্য জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে বিশেষ রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা। স্প্যানিশ প্রতিষ্ঠান কোয়ালিটির প্রযুক্তি বিশেষজ্ঞরাও স্টেডিয়ামে কাজ করছেন।
সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্ব পাওয়া রেফারি এবং সহকারী রেফারিদের সবাই ভিএআর ব্যবহারে প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত বলে জানিয়েছে সাফ।
প্রতিযোগিতায় এই প্রযুক্তি চালুর উদ্যোগকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল।
তার ভাষায়, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। আমাদের প্রতিযোগিতার পেশাদার মান আরও উন্নত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
এই উদ্যোগে সহযোগিতার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং আসিয়ান ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এর আগে গ্রুপ পর্ব থেকেই ভিএআর ব্যবহারের পরিকল্পনা ছিল সাফের। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও ব্যয়ের কারণে সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে প্রযুক্তিটি চালুর ব্যবস্থা করেছে আয়োজকরা।
আগামী শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। একই দিন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এরপর ১৭ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। এই তিন ম্যাচেই থাকবে ভিএআর প্রযুক্তির সহায়তা।



