সাফে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার অভিযোগ, বিচার চায় তিন সংগঠন

শ্রীলঙ্কাকে চার গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ। তবে সেই জয়ের রাতেই জাতীয় স্টেডিয়ামে পেশাগত দায়িত্ব পালনরত ক্রীড়াসাংবাদিকদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে। এতে একাধিক সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশের ক্রীড়াসাংবাদিকদের তিনটি সংগঠন। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের কাছে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত ও অনুমোদিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজীবসহ কয়েকজন সাংবাদিক।
তিন সংগঠনের দাবি, দায়িত্ব পালনরত সাংবাদিকদের সবার কাছেই বৈধ অ্যাক্রিডিটেশন কার্ড ছিল। এরপরও সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের কাজে বাধা দেন। সাংবাদিকেরা বারবার নিজেদের পরিচয় ও অ্যাক্রিডিটেশন কার্ড দেখালেও তা আমলে নেওয়া হয়নি।
বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে এক পুলিশ সদস্য পরিস্থিতি উত্তপ্ত করে তুললে প্রায় ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য একযোগে সাংবাদিকদের ওপর অতর্কিতে হামলা চালান।
এ ঘটনায় একাত্তর টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হাসান সজীব গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনগুলো। তাদের ভাষ্য অনুযায়ী, সজীবের পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং কান থেকে রক্ত বের হতে থাকে।
একই প্রতিষ্ঠানের ক্যামেরাপারসন কে এম মিজানের কনুই রক্তাক্ত হওয়ার পাশাপাশি তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিন সংগঠন বলেছে, আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতায় বৈধ অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।
বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন জাতীয় স্টেডিয়ামের সংরক্ষিত ও অনুমোদিত এলাকায় এ ধরনের ঘটনার অভিযোগ ওঠাকে উদ্বেগজনক বলে মনে করছে তারা।
সংগঠনগুলোর দাবি, এ ঘটনার পর দেশের ক্রীড়াসাংবাদিকদের মধ্যে পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
শুধু পুলিশের বিরুদ্ধেই নয়, টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) ও সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনগুলো।
বিবৃতিতে বলা হয়েছে, চলমান প্রতিযোগিতার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে সাফ এবং তাদের নিয়োগ করা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাফুফে।
তিন সংগঠনের অভিযোগ, প্রতিযোগিতা আয়োজনের প্রায় প্রতিটি পর্যায়ে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা রয়েছে। বিশেষ করে সাংবাদিকদের জন্য নির্ধারিত মিক্সড জোনের অবস্থান ও ব্যবস্থাপনা আন্তর্জাতিক প্রতিযোগিতার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাদের দাবি, সংবাদকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের একাধিক ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সাফ ও বাফুফের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পাঠানো বিবৃতিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে।
প্রথমত, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
দ্বিতীয়ত, সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে সাফ, বাফুফে ও দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তৃতীয়ত, দেশের সব স্টেডিয়াম ও ক্রীড়া ভেন্যুতে ক্রীড়াসাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
যৌথ বিবৃতিতে বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন এবং বিএসজেসির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের নাম রয়েছে।
তিন সংগঠন জানিয়েছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াসাংবাদিকেরা দীর্ঘদিন ধরে সরকারের সহযোগী হিসেবে কাজ করে আসছেন। সেই বিবেচনায় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
