পচেত্তিনোর জায়গায় গার্দিওলাকে চায় যুক্তরাষ্ট্র

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন মরিসিও পচেত্তিনো। আর্জেন্টাইন এই কোচের সম্ভাব্য বিদায়ে তাই নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। আর তাদের পছন্দের তালিকায় সবার ওপরে এমন একজন, যাকে পাওয়ার স্বপ্ন দেখে বিশ্বের অনেক বড় ক্লাবও। তিনি পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সাবেক কোচকে এবার জাতীয় দলের দায়িত্ব দিতে চাইছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১১ নভেম্বর) ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পচেত্তিনো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলে তার উত্তরসূরি হিসেবে গার্দিওলাকে প্রধান লক্ষ্য বানাতে পারে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। সংস্থাটির বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে স্প্যানিশ এই কোচের নাম নিয়ে আলোচনা হয়েছে।
তবে গার্দিওলাকে রাজি করানো যে সহজ হবে না, সেটিও ভালোভাবেই জানেন মার্কিন ফুটবল কর্তারা। ইউরোপের বড় ক্লাবগুলোর কাছেও তিনি অত্যন্ত কাঙ্ক্ষিত একজন কোচ। আপাতত তার সঙ্গে যোগাযোগ করে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ আছে কি না, সেটিই যাচাই করতে চায় যুক্তরাষ্ট্র।
এখনও অবশ্য গার্দিওলার সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা সমঝোতার খবর পাওয়া যায়নি।
দীর্ঘ এক দশকের সম্পর্কের অবসান ঘটিয়ে গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছেড়েছেন গার্দিওলা। ২০১৬ সালে ইংলিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২০টি বড় শিরোপা জিতেছেন তিনি।
এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও সাফল্যের অধ্যায় লিখেছেন ৫৫ বছর বয়সী এই কোচ। তিনটি ভিন্ন দেশের শীর্ষ লিগে শিরোপা জেতার পাশাপাশি তিনবার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনাকে দুবার এবং ম্যানচেস্টার সিটিকে একবার ইউরোপসেরা করেছেন তিনি।
তবে এত সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারেও এখন পর্যন্ত কোনো জাতীয় দলের দায়িত্ব নেননি গার্দিওলা। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হলে সেটিই হবে আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম কোচিং অভিজ্ঞতা।
ম্যানচেস্টার সিটি ছাড়ার পর আপাতত কোচিং থেকে বিরতিতে রয়েছেন গার্দিওলা। যদিও সিটি ফুটবল গ্রুপের সঙ্গে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে তার সম্পর্ক রয়েছে, কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্বে নেই তিনি।
চলতি বছরের শুরুতে ইতালির জাতীয় দলের কোচ হওয়ার সুযোগও ফিরিয়ে দিয়েছিলেন গার্দিওলা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান জিওভান্নি মালাগো পরে সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে জানিয়েছিলেন, স্প্যানিশ কোচ তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন।
মালাগোর ভাষ্য অনুযায়ী, পারিবারিক কারণসহ ব্যক্তিগত কিছু বিষয় বিবেচনায় আপাতত কোচিং থেকে বিরতি নিতে চেয়েছেন গার্দিওলা। তবে সেই বিরতি ভেঙে নতুন কোনো দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হলে ইতালির প্রস্তাবই বিবেচনা করতেন বলে জানিয়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গার্দিওলা কতটা আগ্রহী হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তবে মার্কিন ফুটবলের সঙ্গে তার যোগাযোগ নতুন নয়। ২০২৪ সালে পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার আগেও গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। সে সময় ইয়ুর্গেন ক্লপের নামও বিবেচনায় ছিল।
এ ছাড়া বার্সেলোনা ছাড়ার পর ২০১২ সালে এক বছরের বিরতির সময় নিউইয়র্কে বসবাস করেছিলেন গার্দিওলা। যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা ও ফুটবল পরিবেশ সম্পর্কে তাই তার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে।
পচেত্তিনো দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলের সম্ভাবনা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছিলেন গার্দিওলা।
তার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আকর্ষণীয় একটি জায়গা। দেশটির বিপুল জনসংখ্যা, খেলাধুলার প্রতি আগ্রহ এবং ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
এ কারণেই গার্দিওলাকে রাজি করানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
অন্যদিকে পচেত্তিনোর ভবিষ্যৎ ঘিরেও নাটকীয়তা বাড়ছে। গত আগস্টেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন তিনি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহে কয়েক মাসের মধ্যেই সেই চুক্তি ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, পচেত্তিনোর সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড। তবে বর্তমান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও ঘোষণা করেনি ক্লাবটি।
পচেত্তিনোকে পেতে হলে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির বিষয়টিও সমাধান করতে হবে ইউনাইটেডকে।
ইএসপিএনের খবর অনুযায়ী, আর্জেন্টাইন কোচের চুক্তিতে প্রায় এক কোটি মার্কিন ডলারের রিলিজ ক্লজ রয়েছে। স্কাই স্পোর্টসের হিসাবে অঙ্কটি প্রায় ৭০ লাখ পাউন্ড। পচেত্তিনোর সহযোগী কোচদেরও সঙ্গে নিতে চাইলে বাড়তি ক্ষতিপূরণ দিতে হতে পারে ইংলিশ ক্লাবটিকে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই পক্ষের আলোচনা শেষ না হওয়ায় পচেত্তিনোর বিদায়ও এখনও নিশ্চিত নয়।
আপাতত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবেই দায়িত্ব পালন করছেন পচেত্তিনো। কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে আগামী ১৪ ও ১৭ নভেম্বর হাইতির বিপক্ষে দুটি ম্যাচেও তার ডাগআউটে থাকার কথা।
সেই দুই ম্যাচের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ আগামী মার্চে। ফলে পচেত্তিনো চলে গেলে নতুন কোচ খুঁজে নেওয়ার জন্য কয়েক মাস সময় পাবে দেশটির ফুটবল ফেডারেশন।
তবে সবকিছু নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের সিদ্ধান্তের ওপর।










