মৃত্যুর পরও ক্যাম্প ন্যুতে! সমর্থকদের জন্য বার্সার অভিনব উদ্যোগ

প্রিয় দলের গোল হলে গর্জে ওঠে ক্যাম্প ন্যু। সেই গর্জন শুনতে জীবনের কতটা সময়ই না গ্যালারিতে কাটান বার্সেলোনার সমর্থকেরা। কিন্তু মৃত্যুর পরও যদি সেই স্টেডিয়ামের সঙ্গে থেকে যাওয়া যায়? সমর্থকদের এমন আবেগকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে বার্সেলোনা। নতুন করে সাজানো ক্যাম্প ন্যুর ভেতরে তৈরি হচ্ছে বিশেষ স্মৃতিসৌধ, যেখানে মৃত্যুর পর নিজেদের দেহভস্ম সংরক্ষণের ব্যবস্থা করতে পারবেন সমর্থকেরা।
'মেমোরিয়াল এফসি বার্সেলোনা' নামের এই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে স্প্যানিশ ক্লাবটি। সেখানে প্রায় ২৬ হাজার বিশেষ সংরক্ষণকক্ষ থাকবে। দাহ করার পর সমর্থকদের দেহভস্ম পাত্রে ভরে রাখা যাবে এসব কক্ষে। পাশাপাশি থাকবে ৯ হাজার স্মৃতিফলক, যেখানে নিজের কিংবা প্রিয়জনের নাম ও স্মৃতিবার্তা সংরক্ষণের সুযোগ মিলবে।
এই অভিনব উদ্যোগের পেছনে রয়েছে এক আবেগঘন গল্পও।
বার্সেলোনার প্রাতিষ্ঠানিক বিভাগের সহসভাপতি এলেনা ফোর্ট জানিয়েছেন, তার দাদির ইচ্ছা ছিল মৃত্যুর পরও যেন বার্সার গোলের উল্লাস শুনতে পান। সে কারণেই ক্যাম্প ন্যুর কাছাকাছি লেস কোর্টস সমাধিক্ষেত্রে সমাহিত হতে চেয়েছিলেন তিনি।
এমন স্বপ্ন শুধু তার দাদির নয়, বার্সেলোনার অসংখ্য সমর্থকের। সেই আবেগ থেকেই ক্যাম্প ন্যুর ভেতর স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে ক্লাবটি।
সংস্কারাধীন স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের উত্তর দিকের প্রায় দেড় হাজার বর্গমিটার জায়গাজুড়ে তৈরি হবে স্মৃতিসৌধ। মূল মাঠ থেকে কয়েক মিটার দূরে থাকবে সমর্থকদের দেহভস্ম সংরক্ষণের ব্যবস্থা।
তবে মৃত্যুর পর প্রিয় স্টেডিয়ামে থাকার এই সুযোগ বিনামূল্যে মিলবে না। এর জন্য গুনতে হবে কয়েক হাজার ইউরো।
১০ বছরের জন্য দেহভস্ম সংরক্ষণের জায়গা নিতে খরচ শুরু হবে ২ হাজার ৪৯০ ইউরো থেকে। ২৫ বছরের জন্য খরচ ৪ হাজার ৯৯০ ইউরো এবং ৫০ বছরের জন্য ৫ হাজার ৯৯০ ইউরো। স্মৃতিসৌধের নির্দিষ্ট জায়গা অনুযায়ী খরচ আরও বাড়তে পারে।
এর বাইরে প্রতিবছর রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে ৭০ ইউরো। প্রথম বছরের খরচ অবশ্য মূল ফির মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। দেহভস্ম রাখার বিশেষ পাত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য আলাদাভাবে ১৮০ ইউরো খরচ হতে পারে।
যারা দেহভস্ম সংরক্ষণ করতে চান না, তাদের জন্যও রয়েছে ব্যবস্থা। শুধু নিজের কিংবা প্রিয়জনের নাম স্মৃতিফলকে রাখতে চাইলে খরচ শুরু হবে ৪৯০ ইউরো থেকে।
এসব স্মৃতিফলকে নামের পাশাপাশি ব্যক্তিগত বার্তা ও বিশেষ কোনো তারিখও যুক্ত করা যাবে।
দেহভস্ম সংরক্ষণের জন্য ১০, ২৫ কিংবা ৫০ বছরের মেয়াদ শেষ হওয়ার পর সেটি স্মৃতিসৌধের একটি যৌথ সংরক্ষণস্থলে স্থানান্তরের ব্যবস্থাও থাকছে। ৫০ বছরের পরিকল্পনায় এই সুবিধা অন্তর্ভুক্ত। অন্য দুটি মেয়াদের ক্ষেত্রে বাড়তি অর্থ দিয়ে সুবিধাটি নিতে পারবেন সমর্থকেরা।
স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি কিকে মন্তোয়া। আধুনিক স্থাপত্যের পাশাপাশি পুরো জায়গায় ফুটিয়ে তোলা হবে বার্সেলোনার ১২৫ বছরের ইতিহাস।
দেয়ালজুড়ে থাকবে ক্লাবের স্মরণীয় মুহূর্তগুলোর চিত্র। বিশেষ আলোকসজ্জা, অডিওভিজ্যুয়াল প্রযুক্তি এবং বার্সেলোনার ঐতিহ্যকে তুলে ধরা বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হবে পুরো স্মৃতিসৌধ।
যাদের দেহভস্ম সেখানে সংরক্ষণ করা হবে, তাদের নামও সংশ্লিষ্ট কক্ষের সামনে লেখা থাকবে। ফলে প্রিয়জনেরা চাইলে স্টেডিয়ামে এসে তাঁদের স্মরণ করতে পারবেন।
স্মৃতিসৌধে প্রবেশের জন্য স্টেডিয়ামের বাইরেও আলাদা ব্যবস্থা রাখা হবে। আবার ম্যাচের দিন স্টেডিয়ামের ভেতর থেকে ৩৫ নম্বর গেট দিয়েও সেখানে যাওয়ার সুযোগ থাকবে।
শুধু বার্সেলোনার নিবন্ধিত সদস্যরাই নন, বিশ্বের যেকোনো প্রান্তের সমর্থক এই সুবিধা নিতে পারবেন। এমনকি জীবিত অবস্থাতেই নিজের জন্য জায়গা সংরক্ষণ কিংবা প্রিয়জনের নামে স্মৃতিফলক কেনার ব্যবস্থা রয়েছে।
ইতোমধ্যে বুকিং কার্যক্রমও শুরু হয়েছে। প্রথম ধাপে ২০২৭ সালের শেষদিকে স্মৃতিসৌধের একটি অংশ চালু করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপ চালুর লক্ষ্য ২০২৮ সালের মাঝামাঝি।
প্রকল্পটি ঘিরে আগ্রহ দেখিয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলাররাও। ক্লাবটির সাবেক অধিনায়ক হোসে ভিসেন্তে 'তেন্তে' সানচেজ ইতোমধ্যে নিজের জন্য জায়গা সংরক্ষণ করেছেন।
নিজের স্মৃতিফলকে তিনি লিখতে চান, 'আমি বাড়িতে আছি'।
একসময় বার্সেলোনার জার্সিতে যে স্টেডিয়ামে খেলেছেন, মৃত্যুর পরও সেখানেই থাকার ইচ্ছা তার।
বার্সেলোনা অবশ্য প্রথম স্প্যানিশ ক্লাব নয়, যারা সমর্থকদের জন্য এমন ব্যবস্থা করছে। আতলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস ও এসপানিওলের স্টেডিয়ামেও তুলনামূলক ছোট পরিসরে দেহভস্ম সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
তবে ক্যাম্প ন্যুর পরিকল্পনাটি পরিসর ও আয়োজনের দিক থেকে অনেক বড়।


