মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন।
আকতার হোসেন জানান, গ্রেপ্তার মারসাদ আক্তার খুকি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহ-মিলনায়তন সম্পাদিকা এবং ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, খুকির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

