logo

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, দাবি জামায়াতের

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, দাবি জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

‘ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দেওয়া ঘুষ নয়’, সম্প্রতি এমন একটি বক্তব্য দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জামায়াতের দাবি প্রতিমন্ত্রীর বক্তব্য দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

এতে বলা হয়, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নাম করে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা প্রদান কোনোভাবেই নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের নামে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই একটি ভিন্ন রূপ।

বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়তে পারে এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় ও অনিয়মের পথ প্রশস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের একটি মন্তব্যের প্রসঙ্গও টেনে এনে বিবৃতিতে বলা হয়, সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয় বলে মন্তব্য করে তিনি তীব্র সমালোচিত হয়েছিলেন। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমন লাগামছাড়া বক্তব্য তাদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক এবং তা ঘুষ-দুর্নীতি ও চাঁদাবাজিকেই উৎসাহিত করবে।

এ ছাড়া সরকারের কাছে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় বিবৃতিতে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট