ফ্যাসিবাদের প্রশ্নে সরকারি-বিরোধী দল এক: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় দুই পক্ষের নিজস্ব অবস্থান ও ভূমিকা থাকবে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে সবাই এক। এ বিষয়ে সংসদে ঐকমত্য হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বিষয়ে কথা বলা এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকা উচিত। দলটি নিয়ে সংবাদ প্রকাশ না করলেও তা বড় কোনো অপরাধ হবে না। নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাদের দেশে ফেরা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। এসবের মধ্য দিয়ে বিভিন্নভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে।
আওয়ামী লীগের আমলে করা মানবতাবিরোধী অপরাধের বিচারের আইন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিকে নতুন করে কোনো আইন করতে হয়নি। আওয়ামী লীগ সরকারই মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আইন করেছিল। সেই আইনের ভিত্তিতেই দলটির বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ অনুচ্ছেদে অভিযুক্ত ব্যক্তিদের অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা সাধারণ নাগরিকের মতো সব সুবিধা পাবেন না। যে আইন তারা নিজেরাই করে গিয়েছিল, এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে। জুলাই-আগস্টে দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, শেষ পর্যন্ত এ দেশের মাটিতেই তার বিচার হবে।
গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে গ্রাম সরকার আইন চালুর নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থার পাঁচটি স্তরের পাশাপাশি নতুন আরেকটি স্তর হিসেবে স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি যুক্ত করা হবে।
মীর শাহে আলম বলেন, গ্রাম পর্যায়ে মানুষের ছোটখাটো বিরোধ, ঝামেলা ও সামাজিক সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হচ্ছে। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক জায়গায় বসে সম্মিলিত প্রচেষ্টায় এসব সমস্যার মীমাংসা করতে পারবেন। এর মাধ্যমে গ্রামের আগের সামাজিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে পাঁচটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এ নির্বাচনের তফসিল ১০ ডিসেম্বর ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে ৪ অথবা ৬ ফেব্রুয়ারি।
তিনি আরও বলেন, এরপর রমজান, ঈদ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা রয়েছে। এসব শেষ হলে এপ্রিল ও মে মাসের ২৭ তারিখ পর্যন্ত বাকি তিন ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এভাবে বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানানো হয়েছে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। ভোটের অধিকারের জন্য বিএনপি দীর্ঘ ২০ বছর ধরে আন্দোলন করেছে। তারেক রহমানের নেতৃত্বে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে চলা সেই আন্দোলনের লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সরকার সেই অধিকার ক্ষুণ্ণ করতে চায় না।
মীর শাহে আলম বলেন, আগামী নির্বাচন এমন পরিবেশে অনুষ্ঠিত হতে হবে, যা ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারেন, দিনের ভোট রাতে না হয়, কারচুপির নির্বাচন না হয় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হওয়ার সুযোগ না পান। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সরকারের এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেও সাংবাদিকদের অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আটজনকে মরণোত্তর সম্মাননাসহ মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।