logo

যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, বিলীনের মুখে খেলার মাঠ ও কৃষিজমি

যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, বিলীনের মুখে খেলার মাঠ ও কৃষিজমি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের সর্ববৃহৎ বালুমহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালু-১ ও বালু-২ মহাল থেকে ইজারার শর্ত লঙ্ঘন করে নিষিদ্ধ যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন, নদীর তীর ও কৃষিজমি কেটে নেওয়া, সরকারি খেলার মাঠ ধ্বংস এবং খেয়াঘাট দখলের অভিযোগ উঠেছে ইজারাদার মো. নাছির মিয়ার বিরুদ্ধে। তিনি মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

জনস্বার্থে সম্প্রতি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে এসব অভিযোগ করেছেন সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা মোছাদ্দেক আলী।

অভিযোগকারী মোছাদ্দেক আলীর দাবি, ইজারার বৈধতার আড়ালে একটি সংঘবদ্ধ চক্র নদী ও তীরবর্তী এলাকায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে সাধারণ মানুষ, কৃষক ও স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে যাদুকাটা নদীর বালুমহালের ইজারা বাতিল, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, সরকারি খেয়াঘাট সচল রাখা এবং অভিযুক্ত ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইজারাদার মো. নাছির মিয়া। তার দাবি, যাদুকাটা নদীর তীর কাটা হচ্ছে না। তার লোকজন নদীর তীর কাটা রোধে পাহারায় রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, জেলা প্রশাসন ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমোদন দেয় তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামের আক্তার আলীর ছেলে মো. নাছির মিয়াকে। কিন্তু ইজারার নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলন না করে যাদুকাটা নদীর মোদেরগাঁও এলাকায় নদীর তীর, কৃষিজমি ও অন্যান্য স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ কাজে ড্রেজার এবং স্থানীয়ভাবে ‘সেইভ’ বা ‘বোমা মেশিন’ নামে পরিচিত যন্ত্র ব্যবহার করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, মোদেরগাঁও গ্রামের শিশুদের খেলার মাঠের পশ্চিম পাশে প্রকাশ্যে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মাঠটি ক্রমেই বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি স্থানীয় ব্যক্তিমালিকানাধীন তিন ফসলি কৃষিজমি কেটে সেখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে।

এ ছাড়া বালুভর্তি শত শত বড় নৌকা ঘাট এলাকায় অবস্থান করায় মোদেরগাঁও-ঘাগরা খেয়াঘাট ও গুদারা ঘাট দিয়ে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে স্বাভাবিকভাবে নৌকা ভেড়ানোও সম্ভব হচ্ছে না।

অভিযোগে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে ইজারার শর্ত ভেঙে যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের অনুকূলে দেওয়া ইজারা বাতিল এবং ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

অভিযোগকারী মোছাদ্দেক আলী বলেন, যাদুকাটা নদী ও নদীর তীরবর্তী পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছি। অভিযোগ করার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলের সঙ্গে কথা বলেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে যাদুকাটা নদীর ইজারাদার মো. নাছির মিয়া বলেন, নদীর যে পাড় কাটা হয়েছে, তা ২০২৪ সালের ৫ আগস্টের পরই কাটা হয়েছে। এখন কোনো পাড় কাটা হচ্ছে না। কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে। নদীর পাড় কাটা রোধ করতে আমাদের লোকজন নদীর তীরে কাজ করছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, আমি ছুটিতে আছি। এমন অভিযোগ হয়েছে বলে আমার জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের এক আদেশে তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামের বাসিন্দা মো. নাছির মিয়াকে যাদুকাটা নদীর দুটি বালুমহাল থেকে ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়।

গত তিন বছরের গড় বাজারমূল্যের ওপর অতিরিক্ত ১২ শতাংশ হারে দর নির্ধারণ করে বালু উত্তোলনের কথা বলা হয়। ওই সময়ের জন্য দুটি বালুমহালের রাজস্ব নির্ধারণ করা হয় ৪২ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৪২২ টাকা। পরে জেলা প্রশাসন মো. নাছির মিয়ার কাছ থেকে ওই রাজস্ব আদায় করে দুটি বালুমহালের দখল হস্তান্তর করে।